
ভারতে স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ
স্কুল খোলার আগেই সব শিক্ষক-শিক্ষিকাকে ভ্যাকসিন দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পরিবারের সদস্যদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের শরীরেও দেওয়া হবে ভ্যাকসিন। তবে, তা এখনও চূড়ান্ত হয় নি।
বুধবার (৬ জানুয়ারি) নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল জানিয়েছেন, ভ্যাকসিন দেওয়ার পরই স্কুল খোলার চিন্তাভাবনা করছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, করোনাকে নিয়ন্ত্রণে রাখতে দেশের হাতে এখন দুটি অস্ত্র আছে। ইতোমধ্যে চলছে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্বে ১৩ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
করোনার ভ্যাকসিন বণ্টন ও প্রয়োগের তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন কাদের দেওয়া হবে, কীভাবে চলবে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি, তা নিয়ে রূপরেখা প্রস্তুত হয়েছে। সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের।
মানুষের শরীরে ভ্যাকসিনের দুটি করে ডোজ দিতে হবে। ছাড়পত্র অনুমোদন দেওয়ার পরই জনপ্রতি কত ভ্যাকসিন নষ্ট হতে পারে তার হিসাবও কষেছে কেন্দ্র। প্রতি জনের পেছনে একাধিক ভ্যাকসিন রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ড্রাই রান থেকে উঠে আসা তথ্যে নষ্ট হওয়ার হার নির্ধারিত করা হয়েছে ১০ শতাংশের মতো। তার ভিত্তিতে সরকারকে প্রতি ১০০ জনের জন্য কিনতে হবে ১২২টি।❐
জি ২৪ ঘণ্টা



