
আন্তর্জাতিক
ভুয়া পরিবেশনের অভিযোগে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক চাকরিচ্যুত
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ভুয়া খবর পরিবেশনের অভিযোগে চাকরি গেল জার্মান সংবাদপত্র ‘দের স্পিয়েগেল’-এর সাংবাদিক ক্লাস রেলোসিয়াসের। রেলোসিয়াস (৩৩) দের স্পিয়েগেলের বহু প্রশংসিত ও একাধিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক। এই মাসের শুরুর দিকে সিরিয় এক শিশুর ওপর প্রতিবেদন লিখে জার্মানির বর্ষসেরা সাংবাদিকের পুরষ্কার জিতেছিলেন। অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য ‘সিএনএন সাংবাদিকতা’সহ অসংখ্য পুরষ্কার জিতেছেন তিনি।
ভুয়া খবরের জেরে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে একাধিক সংবাদমাধ্যমেও। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ঠেকাতে যেখানে রীতিমত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের সেখানে ৭১ বছরের পুরনো বিখ্যাত দের স্পিয়েগেলের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ভুয়া খবর পরিবেশন করছেন তা বিশ্বাসই করতে পারছেন না কেউ।
গেল ৭ বছর ধরে স্পিয়েগেলে সাংবাদিকতা করছেন তিনি। ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে ২০১১ সালে তিনি এ পত্রিকায় যোগ দিয়েছিলেন। বছর দেড়েক আগে তাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
মার্কিন-মেক্সিকান সীমান্তে রেলোসিয়াসের সঙ্গে কাজ করা একজন সহকর্মী তার প্রতিবেদনের কিছু বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। মিথ্যা তথ্য পরিবেশন করছেন এমন অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে তার সম্পর্কে সন্দেহ পোষণ করেন। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তার মোট ৬০টি প্রতিবেদনের ১৪টিতে বেশ কিছু লেখায় তথ্য বিকৃত করা হয়েছে বা ভুয়া তথ্য দেয়া হয়েছে। এই কেলেঙ্কারির পর সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
দের স্পিয়েগেল জানিয়েছে, তাদের অনলাইন সংস্করণ থেকে রেলোসিয়াসের লেখাগুলো মুছে ফেলা হবে না। তবে ওই লেখাগুলোর ওপর পাঠকদের জন্য সতর্কীকরণ বার্তা দেওয়া থাকবে।



