
ইলিয়াছ হোসেন
ভূতে যাবে বিয়ে করতে
মাথায় টোপর দিয়ে,
ভূতের সঙ্গে যাত্রী হবে
শালিক শ্যামা টিয়ে।
ভূতের গায়ে শেরওয়ানি
হলুদ জুতা পায়ে,
পাত্র সাজিয়েছে ভূতকে
দাদি নানি মায়ে।
পেত্নী আছে বধূ সেজে
বিয়ের শাড়ি পরে,
মনের মাঝে খুশির ঝিলিক
যাবে ভূতের ঘরে।
সাঁঝের বেলা ভূত পৌঁছাবে
পেত্নীর বাবার বাড়ি,
সাথে থাকবে শালিক শ্যামা
টিয়ের পাখির গাড়ি।
ভূত ও পেত্নীর বিয়ে হবে
মহা ধুমধাম করে,
বিয়ের পরে দুজনার মন
হর্ষে উঠবে ভরে।



