
হায় ভূমধ্যসাগর, হে গভীর নীল জলরাশি
দু’হাত বাড়ায়ে বুকে তুলে নাও শত অভাজন;
কতো স্বপ্ন, কতো আশা অন্ধকার রাতে গেছে ভাসি
হে রাক্ষুসী, ভরে নাই তবু তোমার ক্ষুধার্ত মন।
দু’হাত বাড়ায়ে বুকে তুলে নাও শত অভাজন;
কতো স্বপ্ন, কতো আশা অন্ধকার রাতে গেছে ভাসি
হে রাক্ষুসী, ভরে নাই তবু তোমার ক্ষুধার্ত মন।
একদা অডিসিউস ভেসেছিল বিপন্ন নাবিক
তোমার সুনীল জলে দিয়েছিলে তাহারে আশ্রয়;
দেবতার অভিশাপে হারিয়েছিল তাহার দিক
দশটি বছর ধরে তুমি দিয়েছিলে বরাভয়।
আজ তবে কেন তুমি নাগিনীর মতন নির্দয়?
শরণার্থীর জীবন ভাসাও তোমার জলোচ্ছ্বাসে;
কান্নার করুণ সুরে—দূরে আকাশ বিদীর্ণ হয়
অনেক নারীর বুক অনেক ব্যথার শোকে ভাসে।
আফ্রিকার হাহাকারে জাগে কি তোমার মনে শোক?
অনেক দেখেছো তুমি মানুষের ক্ষুধার মিছিল;
যারা মরে গেছে ডুবে, তারা এই পৃথিবীর লোক
তাহাদের শোকে তাই কেঁদেছিল শুধু শঙ্খচিল।
গোপন দুয়ার খোল—মুসার কওম মনে পড়ে
ক্ষুধার সীমান্ত নাই বাধার পাঁচিল ভেঙে যাক;
হারায়ে গিয়েছে যারা, জানি ফিরবে না তারা ঘরে
হয়ত কাহারো কানে বাজে মায়ের মায়াবী ডাক!



