
যখন মধ্যরাতে তন্দ্রা নামে চোখের তারায়
চাঁদও হারায় কোন সুদূরে আঁধার মেখে গায়,
আগলে রাখা শব্দমালায় অজানা এক নামে
অল্প কিছু গল্প এ মন লিখছে খেয়াল খামে।
ভাসমান এক ইচ্ছেতরীর নোঙ্গর ফেলার মতো
ছুঁইয়ে দেবো তোর কপালে জিয়ন কাঠি যত,
চল না হারাই, নিরুদ্দেশে,ক্লিস্ট জীবন ফেলে
ধ্রুবতারায় আজও নাকি পথের হদিশ মেলে।
পর্দা ওড়া বিকেল গুলো সন্ধ্যে নামার মুখে
উঠুক সেজে ইচ্ছেমত স্মৃতির আতর মেখে,
আয় না আবার গল্প লিখি, স্বপ্নে সাজাই ঘর
প্রেমও নাকি পূর্ণতা পায় বৃষ্টি নামার পর।
এবার তবে লক্ষ্মীটি চল, ভরিয়ে ফেলি ক্ষত
একমুঠো রঙ,আবেশ ছড়াক আবারআগের মতো,
আকাশ কুসুম ভাবনা ছেড়ে জীবন দিয়ে ছুঁই
কেমন হবে?ফের যদি তোর ভ্যালেনটাইন হই?



