
সারমিন চৌধুরী
কেন এত নিশ্চুপ হয়ে আছ?
এই যে নিদাঘ কল্লোলে ভাসছে নৈবেদ্যের পুষ্প
একান্তে তন্দ্রাচ্ছন্ন হচ্ছে নষ্টালজিক ভাবনা
প্রাচীন গোয়ার্তুমির মত চাইছে একরোখা চুম্বন
যেখানে একটানা বাজবে প্রেমের সুর লহরী!
এই যেন প্রেম আর কামের এক মিলনক্ষেত্র।
জ্যামিতিক দুঃখকে ভুলে জাগতিক নিয়মে
বাকবিভূতির পার্শ্ব এড়িয়ে গড়ে উঠা তিলোত্তমা
মরু পাথরের বুকে শয্যাসঙ্গী এক চন্দ্রিমা!
হৃদয়ে বসে নৈঃশব্দ্য বুনছে প্রেমের ইস্তেহার।
মৃগয়ার স্বপ্নে ছটফট হচ্ছে নিথর বদনখানি
স্পর্শেই যেন গলে যাবে আমার মোমের শরীর।
গোলাপের জলে নাভীমূলে আকাঙ্খা জেগেছে
শুদ্ধতম মন তার ভাঁজে রাখছে লাল লজ্জা;
আহা! স্নিগ্ধ বসন্ত বাতাস জাগাচ্ছে শিহরণ,
বেহুলার তানে বিমোহিত হচ্ছে শতাব্দীর বাসনা
অপেক্ষার অবসানে গান ধরেছে মন কোকিলা
ছেড়ে যাচ্ছে সমস্ত অসুখ আলতো ছোঁয়ায়,
কভু ফুরিয়ে না যাক এই মধুচন্দ্রিমা রাত্রি
ডুবে থাকি আমরা এমন অনন্তকাল ধরে।



