
মধ্যরাতে পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল দামাস্কাস
রূপসী বাংলা ডেস্ক: পরপর পাঁচটি বিস্ফোরণ৷ তাতেই কেঁপে উঠল দামাস্কাস৷ শনিবার গভীর রাতে যখন ঘুমে আচ্ছন্ন দামাস্কাস৷ তখনই বিকট শব্দ শোনা গেল সেখানে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরবাড়ি পর্যন্ত কেঁপে ওঠে৷ কোনও হতাহতের খবর এখনও অবধি মেলেনি৷
সিরিয়ার সরকারি টিভি চ্যানেল জানিয়েছে, দামাস্কাসের দক্ষিণ-পশ্চিম দিক থেকে পাঁচটি বিস্ফোরণ করা হয়৷ সেদিকেই অবস্থিত মেজে মিলিটারি এয়ারপোর্ট৷ সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, ওই দিক থেকেই বিস্ফোরণের শব্দ উড়ে আসে৷
এখনও অবধি বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি৷ তবে অতীতে ইজরায়েলের বিরুদ্ধে মেজে এয়ারপোর্টে বোমাবাজির অভিযোগ তুলেছিল সিরিয়া৷ সেই অভিযোগ বহুবার খণ্ডন করে দিয়েছে ইজরায়েল৷ বিবৃতি দিয়ে তারা জানিয়েছিল, অস্ত্র ছোঁড়ার জন্য ইজরায়েলের শত্রুরা সিরিয়ার মাটিকে ব্যবহার করে৷ তা প্রতিহত করতে মিলিটারি অ্যাকশন নেওয়া হয়৷ কিন্তু সিরিয়ার অভ্যন্তরে কোনও হামলায় তারা জড়িত নয়৷



