
শাকেরা বেগম শিমু
সবুজ বনের গাঁ ঘেষে গ্রাম,উদাস পথিক ক্লান্ত,
দেখছে সে যে চোখের তারায় দৃশ্য অবিশ্রান্ত ।
নীলআকাশ আর সবুজ মাঠে হৃদয় যে যায় হারিয়ে,
মনের সাথে কে মিতালি করবে হৃদয় বাড়িয়ে?
আঁকাবাঁকা খালবিল আর নদীনালাগুলো,
এই হৃদয়ের তৃষ্ণা মেটায়, ধোয়ায় মনের ধুলো।
মনের সাথে কে যে এসে ভাব করেছে ভাই,
সবুজ ঘেরা এই প্রকৃতি যার বুকে মোর ঠাই।
হিজলবনে ফুলের মেলা, পাখির গানে জুড়ায় প্রাণ,
একি রূপের বাহার,একি অবাক করা সুরের তান।
সবুজমাঠে সোনার ফসল, দখিনা যে বায়ু বয়,
দখিন হাওয়ায় মনটা পাগল, হৃদয়যে উতলা হয়।
দূরের সবুজ পাহাড়শ্রেণী হাতছানি দেয় আয়,
এক পলকে মনটা আমার সেথায় মিশে যায়।
ইচ্ছে করে পাখি হয়ে উড়বো আকাশপানে,
সবার হৃদয় মাতিয়ে দেবো মধুর কলতানে।
স্বপ্ন জাগে মনে আমার দেশবিদেশে ঘুরতে,
নীলআকাশে ডানামেলে পাখির মতো উড়তে।
স্বপ্নপাখায় ভর করে যাই দূরের তেপান্তরে,
কোন অচেনা বাঁশির সুরে মনটা আমার ভরে।
সেই সুরে যে মধুভরা, এক সুমধুর রাগিনী,
সেতো বড়ই হৃদয়কাড়া, বড়ই মানস-হারিনী।
সেই সুরের সাথে সুর মিলিয়ে গায়যে এমন গীতালী,
মনের সাথেই সখ্য এ যে মনের সাথেই মিতালি ।



