
কোমল দাস
মন বলে তুই গাছের থেকে ঝাপ দিয়ে পড় জলে
যা এখনই যোগ দে গিয়ে এক ফুটবল দলে,
শাপলা শালুক বিলের থেকে চল না আনি তুলে
চল্ চল্ চল্ ভর্তি হবো প্রাইমারি স্কুলে।
পুকুর থেকে কাদা মেখে চল না ফিরি ঘরে
চল্ না গিয়ে ঘুড়ি উড়াই পুর্বপাড়ার চড়ে,
মধ্যরাতে বিলে গিয়ে চল আসি স্নান করে
এমনভাবে ঘরে কেন শুয়ে আছিস ওরে?
করুণভাবে মনকে বলি আমারও সাধ জাগে
ভাবলে এসব বুকের মাঝে খুব শিহরণ লাগে,
কিন্তু এসব ভাবনাগুলোয় চলছে এখন খরা
বৃদ্ধকালে ইচ্ছে হলেও যায় না এসব করা।



