
মারা গেলেন ভারতের প্রথম ভোটার
১০৫ বছর বয়সে মারা গেছেন ভারতের ‘প্রথম ভোটার’ হিসেবে পরিচিত শ্যাম শরণ নেগি। শনিবার নিজ বাড়িতেই মারা যান তিনি। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভারতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রথম ভোটার হিসেবে তিনিই ভোট দিয়েছিলেন বলে মনে করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার পর সব নির্বাচনে ভোট দিয়েছেন হিমাচল প্রদেশের এই বাসিন্দা। পেশায় শিক্ষক ছিলেন তিনি।
তিন বছর আগেও কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। এমনকি আগামী ১২ নভেম্বর হতে যাওয়া স্থানীয় নির্বাচনে দিয়েছেন আগাম পোস্টাল ভোট, অর্থাৎ গত বুধবার তিনি সর্বশেষ ভোট দেন।
২০১৪ সালে ভারতীয় নির্বাচন কমিশন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে। তরুণ ভোটারদের নির্বাচনে ভোট দিতে উদ্বুদ্ধ করতে তাকে দিয়ে ভিডিও বার্তা দেওয়া হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশে তার নিজ গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে।



