খেলা

মাহমুদুল্লাহর ব্যাটে ফাইনালের টিকিট টাইগারদের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাছে হারের ধাক্কা সামলে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩৯ রানে পরাজিত করলো টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জেতে জিম্বাবোয়ে। তারা বাংলাদেশকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কাইল জার্ভিস নজরকাড়া বোলিং করেন।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে যায়। রিচমন্ড মুতাম্বামি হাফ-সেঞ্চুরি করলেও বাকিদের ব্যর্থতায় জিম্বাবোয়ের পক্ষে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব হয়নি। শফিউল ইসলাম ছাড়াও বাংলাদেশের হয়ে পাল্লা দিয়ে উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান ও অভিষেককারী আমিনুল ইসলাম।

বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ সর্বাধিক ৬২ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। লিটন দাস ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৮ রান করে আউট হন। মুশফিকুর রহিম ২৬ বলে ৩২ রানের যোগদান রাখেন। মুশফিক ৩টি চার ও ১টি ছক্কা মারেন। শাকিব আল হাসান মাত্র ১০ রান করে আউট হন। জার্ভিস ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৪২ রানে দুটি উইকেট নিয়েছেন মফু।

জিম্বাবোয়ের হয়ে মুতাম্বামি ৩২ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা করেন ২৫ বলে ২৫ রান। আউট হওয়ার আগে জার্ভিস করেন ২০ বলে ২৭ রান। বাকিদের মধ্যে বলার মত রান করতে পারেনি আর কেউই।

শফিউল ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম। একটি করে উইকেট দখল করেছেন মহম্মদ সইফুদ্দিন ও শাকিব আল হাসান। ম্যাচর সেরা হয়েছেন মাহমুদুল্লাহ।

এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। জিম্বাবোয়ে ৩টি ম্যাচেই হেরে যাওয়ায় ফাইনালের সূচি কার্যত নির্ধারিত হয়ে যায়। আফগানিস্তান ইতিমধ্যেই দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।সুতরাং খেতাবি লড়াইয়ে বাংলাদেশ যে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে, সেটা নিশ্চিত। টুর্নামেন্টের বাকি ২টি লিগ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension