
মায়ানমারের অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে পুলিশের মামলা
ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ক ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির পার্টির নেতা অং সান সু চির বিরুদ্ধে একাধিক মামলা করেছে পুলিশ।
মিয়ানমারের আদালতে পুলিশের করা মামলার নথিপত্রের বরাতে জানা গেছে, সোমবার সেনাবাহিনীর হাতে স্টেট কাউন্সেলর ও প্রেসিডেন্টসহ ক্ষমতাসীন দলের নেতারা আটক হওয়ার পর থেকেই এসব মামলা দেওয়া শুরু হয়।
বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিভিন্ন বেআইনি কাজের জন্য সু চিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখা হবে বলে উল্লেখ করেছে পুলিশ।
এই স্টেট কাউন্সেলরের বিরুদ্ধে আমদানি রপ্তানি আইন লঙ্ঘনের পাশাপাশি যোগাযোগের জন্য অনুমোদনবিহীন প্রযুক্তি ব্যবহারের মামলা দায়ের হয়েছে। যদিও এই মুহূর্তে সু চি কোথায় আটক আছেন, সে বিষয়ে কোন তথ্য এসব নথিতে উল্লেখ করা হয় নি।
তবে বিভিন্ন সূত্রের বরাতে বিবিসির জানায়, রাজধানী নেপিডোতে নিজ বাসভবনেই গৃহবন্দি আছেন সু চি।
পুলিশের মামলার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদেশ থেকে আমদানিকৃত ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ যোগাযোগের সরঞ্জাম ব্যবহার করতেন সু চি।
এদিকে সু চির সঙ্গে আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনা মহামারি চলাকালীন জনসমাগম বন্ধের নির্দেশ বাতিলের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগ করেছে পুলিশ। এই মামলায় তাকে দুই সপ্তাহের জন্য আটক রাখা হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এসব বেআইনি কাজের তদন্ত, তথ্য-প্রমাণ সংগ্রহ ও সু চির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেই তাকে আটক করা হয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া উইন মিন্টের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলার আইন লঙ্ঘন ও গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সু চি কিংবা উইন মিন্টের পক্ষ থেকে পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি।❐



