
এম এ মতিন
বাসিয়াছি ভালো মন করে আলো
হৃদয় পাখিটা ছেড়ে,
তারে বিনে হায় দিন নাহি যায়
মনটা রেখেছে কেড়ে।
মায়া মাখা আঁখি যেন দুটি পাখি
ভুলিতে নাহি যে পারি,
আমি রই পড়ে গাঁও পথ ধরে
পথ চেয়ে রই তারি।
তারে নাহি পাই সময় হারাই
শেষ নাহি হয় ক্ষণ,
না দেখিলে তারে যাব না যে ঘরে
এই করিয়াছি পণ।
সুন্দরী তমা কত লাজ জমা
আনন জুড়িয়া তার,
নাহি তোলে আঁখি দিয়ে যায় ফাঁকি
হৃদয় করিয়া ক্ষার।
ভালোবাসি তারে সেতো যায় দুরে
মন নাহি মানে হায়,
যায় নাতো ভোলা মনে দেয় দোলা
সেতো কভু নাহি চায়।



