
মায়েরা সব দাপায়ে বেড়াক,
ঘরে বাইরে কাজ করুক,
হাসুক, খেলুক।
এক সাঁতারে হোক নদী পাড়, যখন তখন।
তারা সবাই সাইকেলে যাক,
প্লেন উড়াক, জাহাজ চালাক,
উড়ুক, নাচুক।
একনাগারে বাঁচুক তারা, মনের মতন।
তারা রকে বসে আড্ডা দিক,
চায়ের কাপে ঝড় তুলুক,
রাজনীতি বা সমাজনীতি—
তাদের হাতেই তাদের মুলুক।
পোশাক আশাক, ঘর সাজাক,
তার দুনিয়া সেই-ই বানাক,
আয় করুক, খরচ করুক।
মনের পাতে সব খাবার ঢালুক।
মায়েরা সব জোগাক খোড়াক,
মন চাইলে ভাত-শাক,
পিঠা, পুলি সব বানাক,
তবে, অনিচ্ছাতে, হেঁসেল মানা।
মায়েরা সব ভীষণ হাসুক,
অনেক করে প্রেমে পড়ুক,
অভিমানে বুঁদ থাকুক,
মেলে ধরুক ইচ্ছেডানা।



