
মিয়ানমারজুড়ে সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ
মিয়ানমারজুড়ে সহিংসতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে সংঘাত বন্ধে জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সম্মতি পাওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে। সেখানে দেশটির সামরিক বাহিনী ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে বলেও খবরে জানানো হয়। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, পরিষদের সদস্যরা মিয়ানমারজুড়ে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বিগ্ন তারা।
অবিলম্বে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থ অনুসারে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণে উৎসাহিত করছে নিরাপত্তা পরিষদ।



