
মুক্তির জন্য চাই সামাজিক জাগরণ: সিরাজুল ইসলাম চৌধুরী
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রবণতা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা। বিভিন্ন গবেষণা সংস্থার দাবি, জবাদিহিতার অভাব এবং বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মধ্যে দিয়ে পুলিশের অপরাধীর সহযোগি হওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। সামনে এসেছে পুলিশের রাজনীতি জড়িয়ে পড়ার প্রসঙ্গও।
রাফিকে পুড়িয়ে হত্যার জন্য স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা পরিচালনা কমিটির অবহেলার বিষয় উঠে এসেছে মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মাদ্রাসা পরিচালনা পরিষদ যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে রাফির হত্যাকাণ্ড এড়ানো যেতো। কমিশন বলেছে, এ ঘটনায় জেলা প্রশাসনেরও অবহেলা ছিল। পাশাপাশি অবহেলা ও অপরাধ করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে এরই মধ্যে বদলি করা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, বদলি বা প্রত্যাহার নয়, এই মামলায় তাকে আসামি করে বিচারের মুখোমুখি করাই হলো আইনের শাসনের দাবি।
সমাজে ধর্ষণ প্রবণতা বৃদ্ধির কারণ এবং এ থেকে বেড়িয়ে আসার উপায় বিষয়ে জানতে চাইলে সমাজ রূপান্তর অধ্যায়ন কেন্দ্রের সভাপতি, সমাজ রূপান্তর বিষয়ক গবেষক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নারী ও শিশুর প্রতি সংহিসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি সারাতে হলে সমাজটাকে বদলাতে হবে।
তবে এখন জরুরি কাজ হলো- প্রথমত: অপরাধীদের শাস্তি দেয়া, দ্বিতীয়ত: জবাবদিহিতা প্রতিষ্ঠিত করা। এরপর সমাজ পরিবর্তনের কাজটি এগিয়ে নিতে একটি গণজাগরণ সৃষ্টি করা। কেননা একটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আমরা যত দিন সমাজের এই ধারাকে বদলাতে না পারবো, ততদিন এই অবস্থা চলতেই থাকবে।
তিনি বলেন, সমাজে ভোগবাদিতা এবং ক্ষমতার অপব্যবহার ব্যাপক আকারে বেড়েছে। এখন এই ভোগবাদিতা এমন জায়গায় চলে গেছে যে এর লোলুপতা সর্বত্র দেখা দিয়েছে। নারীর প্রতি লোলুপতা এই ভোগবাদিতার সঙ্গে জড়িত। নারীকে একটি ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে। আমরা যে পুরুষ শাষিত সমাজে বাস করি এই সমাজটা নারীকে এভাবেই দেখে। নারীর পক্ষে যতই সাফাই গাওয়া হোক না কেন, এখানে নারীর স্বাধীনতা বলে কিছু নাই, আর নারীর অধিকারও নাই।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, গোটা বিশ্বেই এই বিষয়টা দেখা দিয়েছে। আগেও এটা ছিল কিন্তু এখন এটা চরম আকার ধারণ করেছে এবং বেপরোয়া হয়ে গেছে। আমাদের সমাজে সবাই ক্ষমতার অপব্যাবহার করে। পুরুষের ক্ষমতা আছে তাই সে নারীর উপর ক্ষমতার অপব্যবহার করে। যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু অপব্যবহার করে। এর কারণে সমাজে নৈতিকতার অধপতন ঘটেছে, বিচারহীনতার সংস্কৃতি দেখা দিয়েছে- এগুলো সত্য। কিন্তু এর চেয়ে বড় সত্য জবাবদিহিতা অভাব। সর্বত্র জবাবদিহিতার অভাব দেখা দিয়েছে। এই জবাবদিহিতা রাষ্ট্রীয় পর্যায়ে নাই, সামাজিক পর্যায়ে নাই, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নাই, পারিবারিক পর্যায়ে নাই। কেউ জবাবদিহিতার পর্যায়ে আসে না, জবাবদিহি করতে হয় না। ফলে অন্যায় করে সবাই পার পেয়ে যায় এবং অপরাধ প্রবণতা বাড়তেই থাকে।
গত সাড়ে তিন মাসে ৩৯৬জন নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। মানুষের জন্য ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী এপ্রিলের প্রথম ১৫ দিনে সারাদেশে ৪৭ শিশু ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৯জন। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যানুযায়ী চলতি বছরের তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৬৪ জন শিশু। গত তিন মাসে গণধর্ষণের শিকার হয়েছে ১৯ জন।
২০১৮ সালে প্রতিদিন গড়ে ১৩ জন শিশু নির্যাতন, ২ শিশু ধর্ষণ এবং ১ শিশু হত্যার শিকার হয়। ২০১৭ সালের চেয়ে ২০১৮ শিশু ধর্ষণ-গণধর্ষণ বেড়েছে অন্তত ৩৪ শতাংশ। চাইল্ড পার্লামেন্টের জরিপ অনুযায়ী, গত বছর ৮৭ শতাংশ শিশুই কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে। গণপরিবহনেই নির্যাতনের শিকার হয়েছে ৫৩ শতাংশ। শিশুদের আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে ৩৯ দশমিক ৯১ শতাংশ। ২০১৮ সালে ২৯৮ শিশু আত্মহত্যা করে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ২১৩।
আইন ও সালিশ তথ্য মনে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যৌন হেনস্তার শিকার হয়েছে ১৮ জন নারী। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ জন। নির্যাতনের পর আত্মহত্যা করেছে একজন। নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১৪ জনকে। অ্যাসিড হামলার শিকার হয়েছে ৫ জন। এসব ঘটনায় মামলা হয়েছে ২টি। এছাড়া বিভিন্নভাবে হত্যা করা হয়েছে ৬৯ জন শিশুকে। এরমধ্যে মামলা হয়েছে ৩২টির। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা হয়েছে ১ হাজার ১৩৯ এবং হত্যা মামলা হয়েছে ৩৫১টি।
ফেনীর মাদ্রাসাছাত্র নুসরাতের হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও যোগসাজশের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ১১ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার ৪দিন পর ১৫ এপ্রিল মামলা নিয়েছে পুলিশ। ওই স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ, ১৫ এপ্রিল সকালে মেয়েকে নিয়ে আড়াইহাজার থাকায় হাজির হয়ে লিখিত অভিযোগ করলেও পুলিশ সেটি রাতে গ্রহণ করে। থানায় আসার পর নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়। তার মেয়েকে পুলিশের সহায়তায় ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি ঢাকা’ হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় করা মামলায় ধর্ষিতাদের সঙ্গে আচরণ এবং আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের গাফিলতির প্রমাণ পায় খোদ পুলিশের তদন্ত কমিটি। ২০১৭ সালের ১৩ নভেম্বর ‘আইজিসিপিস কমপ্লেইন সেল’ চালু করে পুলিশ সদর দপ্তর। সেই সেলে ফোন, ই-মেইল বা কুরিয়ারে চিঠি লিখে অভিযোগ জানানো যায়। গত তিন সপ্তাহে প্রতিদিন গড়ে ২০টি করে অভিযোগ জমা পড়েছে পুলিশ সদর দপ্তরে।
পুলিশ সদর দপ্তরে সিকিউরিটি সেলেও অভিযোগ করা যায়। সিকিউরিটি সেলের তথ্য মনে, গত ৫ বছরে পুলিশের বিরুদ্ধে ৭২১টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোতে ৭৯৮ জন পুলিশ সদস্য আসামি। ২০১৬ সালেই পুলিশের বিরুদ্ধে হয় ১২৮টি মামলা। জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পাঠায়। ২০১২ সালে ১৫৬টি, ২০১৩ সালে ১০টি, ২০১৪ সালে ৫৩টি, ২০১৫ সালে ৭৩টি এবং ২০১৬ সালে ১৬টি অভিযোগ রয়েছে।



