
সারমিন চৌধুরী
অশোক পাতার উপরিচরে শুয়ে শুয়ে
মুমূর্ষু শিশির ব্যথায় ছটফটায়।
দুঃখের অতুল সাগরে ডুবকি লাগিয়ে
কূলে আসতেই জীবন ফুরায়।
শক্ত মাটির বিন্দু কণায় জল ছিটিয়ে
ব্যথাতুর বৃষ্টি কান্দে নিরালায়।
কষ্টের উঁচু পাহাড়ে উঠে দাঁড়াতে গিয়ে
মানুষ দৈহিক সক্ষমতা হারায়।
অপরাহ্নে দুপুর সাদা ডালা সাজিয়ে
ক্লান্ত মেঘ নিস্তেজ লুটে ধুলায়।
ছেঁড়া কাঁথায় ফোঁড় তুলতে তুলতেই
রক্তস্রোত শিরায় জমাট বাঁধায়।
সেগুন কাঠের আঁচিতে চিতা বানিয়ে
বিষণ্ণ সূর্য নীরবে কাঁপে ঠাণ্ডায়।
হতাশার সিঁড়ি বাইতে বাইতে অচিরে
যৌবনকে ঘুণপোকা খাবলে খায়।



