
মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপোর’ ছেলেকে গ্রেপ্তারে অভিযানে ২৯ জন নিহত
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চাপোর ছেলেকে গ্রেপ্তারের পর দেশটিতে ভয়াবহ দাঙ্গা হয়েছে। তার সমর্থকরা বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুর করছে। এতে পুলিশের তিন সদন্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এল চাপোর ছেলে অভিদিও গুজমান লোপেজকে গ্রেপ্তার করা হয়।
এর পরপরই তার দলের সদস্যরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন দেয়, পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এমনকি স্থানীয় একটি বিমানবন্দরেও হামলা চালায় তারা। দেশটির একটি বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে একটি যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
সিনালোয়া রাজ্যের গভর্নর জানিয়েছেন, গ্যাং সদস্য ও পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর আগে ১৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন গভর্নর। রাজ্যের তিনটি বিমান বন্দরের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সিনালোয়া রাজ্যের গভর্নর আরও জানান, মাদক সম্রাটের ছেলেকে গ্রেপ্তারের আগে ছয় মাস নজরদারি চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। আর মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গুজমানের মাদক সাম্রাজ্যটি বিশ্বের সবচেয়ে বড় মাদক চোরাচালানকারী প্রতিষ্ঠান।
অভিদিও গুজমান সিনালোয়ায় এখন তার বাবার মাদক সাম্রাজ্য চালান। তিনি নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন। ‘ইঁদুর’ নামে পরিচিত লোপেজ তার বাবার একটি উপদলের নেতৃত্ব দিচ্ছিলেন।
লোপেজের বাবা ‘এল চাপো গুজম্যান’ মাদক ও অর্থ পাচারের দায়ে ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারদণ্ড ভোগ করছেন। বাবার মতো লোপেজকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কিনা তা পরিষ্কার হয়নি।
লোপজকে গ্রেপ্তারের লক্ষ্যে চালানো নজরদারি অভিযানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সহায়তা করেছেন। আগামী সপ্তাহে মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের কথা রয়েছে, তার আগে শীর্ষ এ মাদক কারবারী গ্রেপ্তার হলো।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে কুলিয়াকানে রাতভর ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে বলে দেখা গেছে, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের সময় আকাশ আলোকিত হয়ে উঠছিলো, পড়ে থাকা অগ্নিদগ্ধ বাসগুলো রাস্তা অবরোধ করে আছে।
বৃহস্পতিবার বিকালেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে অপরাধী চক্রের সদস্যদের গুলি বিনিময় অব্যাহত ছিল। নগরীর বিভিন্ন অংশে অবরোধ চলমান আছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। বহু দোকানপাট লুট হয়েছে।
সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরের মেয়র রুবেন রোচা মোয়া টুইটে জানান, বৃহস্পতিবার ভোর থেকে কুলিয়াকানে বড় ধরনের অভিযান চালাচ্ছে সেনাসদস্যরা। শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়ায় সাধারণ নাগরিকদের ঘর থেকে বের না হতে আহ্বান জানান তিনি। সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর শহরটির স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রে জানিয়েছে, এলা চাপোর ছেলেরা বর্তমানে সিনালোয়ায় ১১টি মেথামফিটামিন ল্যাব চালাচ্ছে। যেগুলোতে প্রতিমাসে উৎপাদিত হচ্ছে আড়াই হাজার কেজি মাদক।
গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যদি কেউ অভিদিও এবং তার তিন ভাইয়ের সন্ধান এবং গ্রেপ্তারে সহায়তা করতে পারে তাহলে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে।
এর আগে ২০১৯ সালেও অভিদিওকে আটক করেছিল মেক্সিকো। কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ায় ও হুমকি দেওয়ায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।



