আন্তর্জাতিকপ্রধান খবর

মেক্সিকোয় ফুটবল ম্যাচ দেখার সময় গুলি, ‌নিহত ১৪

রূপসী বাংলা ডেস্ক:রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মেক্সিকো। কিন্তু দেশের জয় দেখার সৌভাগ্য হল না মেক্সিকোর হতভাগ্য কয়েকজন দর্শকের। বিশ্বকাপে মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ চলাকালীন মেক্সিকোর হুয়ারেজ শহরের তিন প্রান্তে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন ১৪ জন।

মেক্সিকান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে প্রথম গুলির ঘটনাটি ঘটে শহরের দক্ষিণ প্রান্তে। ম্যাচ দেখতে একটি জায়গায় জড়ো হয়েছিলেন ৮ জন। হঠাৎই একদল বন্দুকধারী সেখানে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে। গুরুতর জখম হন আরও দু’‌জন। এর পরের ঘটনাটি ঘটে একটি পার্লারে। সেখানেও ম্যাচ দেখছিলেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা পার্লারের সামনে একটি নীল ভ্যান এসে থামে। সেখান থেকে একদল বন্দুকধারী নেমে পার্লারে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে পালিয়ে যায়। এরপর রবিবার স্থানীয় সময় ভোরে একটি পার্টিতে তৃতীয় গুলিচালনার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, পার্টি চলাকালীন তিন ব্যক্তিকে সেখান থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর তাদের গুলি করে মারা হয়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু হলেও, এখনও কোনো সন্ধান পায়নি পুলিশ।

চলতি মাসে শুধু এই হুয়ারেজ শহরেই গুলিতে প্রাণ হারিয়েছেন ১২৮ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension