
মোদী-যোগীর রাজত্বেও গৃহহীন রাম, কটাক্ষ বিজেপি নেতার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রামমন্দির নির্মাণের কাজে আর দেরি করা উচিত নয়৷ দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু করে দেওয়া হোক৷ আরও একবার রামমন্দির তৈরির দাবি জানালেন উত্তরপ্রদেশ বিজেপির বিতর্কিত বিধায়ক সুরেন্দ্র সিং৷ পাশাপাশি মন্দির নির্মাণের দীর্ঘসূত্রিতার জন্য মোদী ও যোগীর সমালোচনা করেন তিনি৷ জানান, কেন্দ্রে মোদী ও রাজ্যে যোগী সরকার৷ তাদের হাতে প্রভূত ক্ষমতা থাকা স্বত্ত্বেও এখনও অবধি বাড়ি জুটল না রামের৷ পুরোষত্তম রামকে এখনও তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে৷
বালিয়ার এই বিজেপি বিধায়ক জানান, মোদীজীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী পদে বসে৷ রাজ্যে আছেন যোগী আদিত্যনাথ৷ তাঁরা দু’জনেই হিন্দুত্ববাদে বিশ্বাসী৷ কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আমলেই ভগবান রামকে তাঁবুতে থাকতে হচ্ছে৷ এটা ভারত তথা হিন্দু সমাজের কাছেও দুর্ভাগ্যের৷ এমন পরিস্থিতি তৈরি হোক যাতে অযোধ্যাতেই রামমন্দির নির্মাণ হবে৷
সুরেন্দ্র সিংয়ের মতে, রামমন্দির নির্মাণ নিয়ে আর কোনও দেরি করা উচিত হবে না৷ বলেন, ‘‘ভগবান সংবিধানেরও উর্ধ্বে৷ নতুন বিল আনা হোক৷ মন্দির নির্মাণে আর কোনও দেরি করা উচিত নয়৷’’ রামমন্দির ইস্যুটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ ২৯ অক্টোবর শীর্ষ আদালত অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে জানুয়ারি মাসে করে দেন৷
ফলে লোকসভা ভোটের আগে রামমন্দির তৈরির আশা যারা করেছিলেন আদালতের রায়ে তারা আশাহত হন৷ তারপর থেকেই বিজেপি ও আরএসএসের একাংশ অধ্যাদেশ এনে মন্দির নির্মাণের কাজ শুরু করার জন্য চাপ দিতে শুরু করে৷ বালিয়ার বিধায়কও এদিন সেই কথাই বলেন৷



