মোসাদ প্রধানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠককালে ইসরাইলি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। এই সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসরাইলি কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে দোহাভিত্তিক আলজাজিরা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানায়, এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন ইসরাইলি নিরাপত্তা উপদেষ্টা।
বৈঠকে ইরানের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বাধীনতার প্রতি জোর দেন ইসরাইলি কর্মকর্তা।
এমন এক সময় এসব বৈঠক হচ্ছে, যখন বিশ্বের ছয় শক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে ফিরে আসতে সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফা বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। ইরানের স্পর্শকাতর প্রযুক্তি ও প্রকল্পগুলোর বিরুদ্ধে আরও ব্যাপক বিধিনিষেধ আরোপ চেয়ে আসছে ইসরাইল।
ইরানকে চুক্তির শর্তের ভেতরে নিয়ে আসতে ট্রাম্পের আরোপ করা কিছু নিষেধাজ্ঞা থেকে পাইকারি বেরিয়ে আসার কথা ভাবছে বাইডেন প্রশাসন।
তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ট্রাম্পের অযাচিতভাবে আরোপ করা নিষেধাজ্ঞাগুলোই কেবল উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্র।❐



