আন্তর্জাতিক

ম্যুনস্টারে হামলাকারী জার্মান নাগরিক

রূপসী বাংলা ডেস্ক:জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলের ম্যুনস্টার শহরের সিটি সেন্টারে শনিবার মানুষের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় গাড়ি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত ২০ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। আত্মঘাতী চালক একজন জার্মান নাগরিক।

রবিবার সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যুনস্টার পুলিশ ও রাষ্ট্রীয় কৌঁসুলিরা নিশ্চিত করেছেন ৪৮ বছরের ওই ব্যক্তি ম্যুনস্টারের বাসিন্দা ছিলেন।

এর আগে অবশ্য নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হ্যারবার্ট রয়েল জানিয়েছিলেন গাড়িচালক একজন জার্মান নাগরিক। পূর্ণ তদন্তের পর ঘটনার কারণ জানা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের ম্যুনস্টার শহরের কেন্দ্রে শনিবার ছুটির দিনে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটে নাগাদ শহরের কেন্দ্র বা সিটি সেন্টারের কিপেনকার্ল পাবের বাইরে এই ঘটনা ঘটে।

৪৮ বছর বয়সী একজন জার্মান নাগরিক ধূসর রঙের ফলক্সভাগেন কোম্পানির একটি ক্যাম্পিং গাড়ি নিয়ে রেস্তোরাঁর বাইরে বসে থাকা মানুষের ওপর দ্রুত গতিতে চালিয়ে দেন। ঘটনার পরপরই গাড়িচালক পিস্তল দিয়ে গাড়ির ভেতরে বসেই আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গাড়ি চালক ছাড়া দুইজন পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক৷

এদিকে, ম্যুনস্টার পুলিশ ঘটনার পরপরই সবাইকে গুজব না ছড়ানোর আহ্বান জানান। তারা টুইটারে লেখেন, ‘ফেসবুক ও টুইটারে কেউ যেন গুজব না ছড়ায়। আমরা ঘটনাস্থলে আছি। সিটি সেন্টার খালি করে দিন। বাড়ি ফিরে যান।

এছাড়া ঘটনার সময় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের ডেকে পাঠিয়েছে পুলিশ। ঘটনার কোনো ছবি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ম্যুনস্টার শহরের এই হামলায় নিহত ও আহতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করেছেন জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রীও।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো টুইটারে হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension