বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে লবিস্ট নিয়োগের পরামর্শ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান ৭ শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হচ্ছে। কোনো না কোনো লবিস্ট গ্রুপ এ কাজটি করছে। এ কারণে বাংলাদেশেরই উচিত এর কাউন্টার হিসেবে সেদেশে লবিস্ট নিয়োগ করা।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিনেটর বা কংগ্রেসম্যানদের সঙ্গে অনেকে লবিং করে। এসব কাজের জন্য লবিস্ট আছে। সে কারণে অনেক নেতিবাচক তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়। আমাদের এখানে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয় তাহলে আমাদের সঠিক তথ্য আমরা সেখানে পৌঁছাতে পারবো।’

ফারুক খান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আগামী ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন। নিষেধাজ্ঞার বিষয়ে সে সময়ে আলোচনা হবে।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

এই তালিকায় বাংলাদেশের র‌্যাবের সাবেক ও বর্তমান ৭ জন কর্মকর্তার নাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বলেছে সে দেশের পররাষ্ট্র দফতর।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং মো. আব্দুল মজিদ খান অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension