
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন গোটাবাইয়ার, প্রত্যাখ্যান
বিদায়ী প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রের কাছে ভিসা আবেদন করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। শীর্ষ একজন কর্মকর্তার কাছ থেকে এ তথ্য জানতে পেরেছে ভারতের অনলাইন দ্য হিন্দু।
শ্রীলঙ্কায় জনরোষে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পথে এই নেতা যখন দেশ ছাড়ার নানা পথ খুঁজছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে, তখনই এ খবর দিয়েছে ওই সংবাদ মাধ্যম।
গোটাবাইয়া আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। কিন্তু ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হন তিনি। কিন্তু তারপর দেশে যে ভয়াবহ অর্থনৈতিক সংকট তাতে ব্যাপক মাত্রায় অজনপ্রিয় হয়ে ওঠেন।
মঙ্গলবার কলম্বোভিত্তিক একজন কর্মকর্তা বলেছেন, দেশে সাম্প্রতিক ঘটনাবলীর পরে যুক্তরাষ্ট্রে নিরাপদে চলে যাওয়ার উপায় খোঁজেন। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে কলম্বোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্য হিন্দু। কিন্তু তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো জবাব দেয়নি।
এর আগে শ্রীলঙ্কায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জুলি চুং রোববার এক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে সবার সহযোগিতা করা উচিত।
এর মধ্য দিয়ে ঠিক এক মাস আগে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, তা থেকে সরে আসার পরিষ্কার ইঙ্গিত মেলে।



