যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী: ধরা পড়লেও আটক নয়

রূপসী বাংলা ডেস্ক:শিশুসহ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জারি করা জিরো টলারেন্স নীতির আংশিক স্থগিত করার কথা জানিয়েছেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের শিশুসহ আটক করার বিষয়ে ‘জিরো টলারেন্সের’ নির্দেশ দেন।

মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা ওই অভিবাসী পিতামাতাদের ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি করার কার্যক্রম শুরুরও নির্দেশ দেন তিনি। সেই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে মঙ্গলবার জানান যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) ইউনিটের কমিশনার কেভিন ম্যাকআলেনান। তবে জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খবর বিবিসির।

জনমতের চাপ ও তীব্র সমালোচনার মুখে দেয়া ওই আদেশে ট্রাম্প কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

বুধবারের ওই আদেশে পরিবারগুলোকে একসঙ্গে রাখার কথা বলা হলেও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আটক কেন্দ্রগুলোতে শিশুদের প্রবেশাধিকার না থাকায় সিবিপির সদস্যরা অবৈধ অভিবাসীদের নিয়ে বিপাকে পড়েন।

এ কারণে শিশুসহ প্রবেশ করা অবৈধ অভিবাসীদের আটক না করে তাদের হাতে আদালতের একটি সমন ধরিয়ে দেয়া হচ্ছে। সীমান্তে তাদের পাওয়া গেলে আটক না করে বিনা বিচারেই ফেরত পাঠানো হবে।

ম্যাকআলেনান জানান, ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যত এখনও বলবৎ থাকলেও এর প্রয়োগ শিথিল করতে সীমান্তে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা যদি অভিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করতে না চান, তাহলে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে আসা মা-বাবাদের বিচারের মুখোমুখি করা যাবে না বলেও মন্তব্য এ সিবিপি প্রধানের।

ম্যাকআলেনান বলেন, ‘সন্তানদের বিচ্ছিন্ন করা ছাড়াই অভিবাসীদের বিচারের মুখোমুখি করার উপায় বের করতে হবে সিবিপি ও মার্কিন বিচার বিভাগকে।’

অবৈধ অভিবাসীদের তাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করে বিচারের মুখোমুখি করতে চলতি বছরের এপ্রিল থেকে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন শুরু করে ট্রাম্প প্রশাসন। অভিবাসীর ঢল ঠেকাতে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপটির যৌক্তিকতা নিয়েও প্রায়ই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা কাগজপত্রহীন পরিবারগুলোকে একসঙ্গে রাখার জায়গাই নেই। আমরা নীতি বদলাচ্ছি না, কেবল সম্পদের ঘাটতির কথা বলছি।’

কাগজপত্রহীন অভিবাসীদের টেক্সাসের দুটি সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে রাখার খবর নিশ্চিত করেছে পেন্টাগনও। ফোর্ট ব্লিস ও গুডফেলোর বিমান ঘাঁটিতে অবৈধভাবে প্রবেশ করা পরিবারের সদস্যদের একসঙ্গে রাখা হচ্ছে কিনা তা জানাতে পারেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীরা থাকবে সামরিক ঘাঁটিতে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাটিস নিশ্চিত করেছেন, আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকা অভিবাসীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হবে।

আলাস্কায় মি মাটিস টেক্সাসের দুটি ঘাঁটির নাম ঘোষণা করেন। তবে সেখানে অভিবাসী শিশুরা এবং তাদের পরিবারগুলো একঙ্গে থাকবে কিনা সেটি তিনি বলেননি।

হেফাজতে নেয়ার সময় অভিবাসী শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করার পর এই খবর এলো।

গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছে যে, তারা আটক দুই হাজারেরও বেশি শিশুকে সামরিক ঘাঁটিতে আশ্রয় দেয়ার পরিকল্পনা করছে।

যদিও ল্যাটিন আমেরিকান নেতারা মার্কিন অভিবাসন নীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মি. মাটিস সোমবার সাংবাদিকদের জানান, এল পাসোতে ফোর্ট ব্লিস এবং সান অ্যাঞ্জেলোতে গুডফেলো বিমান ঘাঁটিকে এ জন্য বাছাই করা হয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী এ বিষয়ে কাজ করছে। সেই সঙ্গে কতখানি ধারণক্ষমতা প্রয়োজন সেটাও যাচাই করা হচ্ছে, কারণ অভিবাসীদের সংখ্যা ক্রমবর্ধমান।

স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিভাগের কর্মকর্তারা গত সপ্তাহে টেক্সাসের তিনটি ঘাঁটি পরিদর্শন করেন সেগুলো অভিবাসী শিশুদের বাসস্থান হিসেবে ব্যবহার করা যাবে কি-না তা যাচাইয়ের উদ্দেশে, মার্কিন গণমাধ্যমে এমন খবর দেয়।

চীন, কোরিয়া এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকের উদ্দেশে এশিয়া সফরের পথে মি. মাটিস বলেন, এর মধ্যে থেকে দুটি বাছাই করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প পরিবারগুলোর মধ্যে বিচ্ছিন্নতা বন্ধে একটি নির্বাহী আদেশে সই করলেও হাজার হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।

এর আগে খবরে বলা হয়, ফোর্ট ব্লিস ঘাঁটি ব্যবহার করা হবে অভিবাসী পরিবারগুলোর বাসস্থানের জন্য। এবং গুডফেলো ঘাঁটিতে অবিবাহিত অভিবাসী শিশুদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। যদিও কর্মকর্তাদের তরফ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলছেন, প্রায় আড়াই হাজার শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে গত ৫ মে থেকে ৯ জুনের মধ্যে।

হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্ট মার্কিন-মেক্সিকো সীমান্তে আটক হওয়া হাজার হাজার অনিবন্ধিত অভিবাসীর জন্য থাকার বন্দোবস্ত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানায়।

এই আশ্রয়-শিবিরগুলো এই ডিপার্টমেন্টের অধীনে পরিচালিত হবে এবং জুলাই নাগাদ সেগুলো চালু হতে পারে।

এদিকে কোনো ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে বারবার বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

সোমবার এক টুইটবার্তায় তিনি লিখেছেন, হাজার হাজার বিচারক নিয়োগ, এবং জটিল ও দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া কোনও পন্থা হতে পারে না। লোকজনকে সীমান্তেই আটকে দিতে হবে এবং বলতে হবে যে মার্কিন ভূখণ্ডে অবৈধভাবে কেউ ঢুকতে পারবে না।

 

সূত্র: বিবিসি বাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension