
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন।
রূপসী বাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার দাবিতে আজ ১০ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রর রাজধানী ওয়াশিংটন ষ্টেট ডিপার্টমেন্টর সামনেএক মানবন্ধন কর্মসুচীর আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচী চলেছে বলে জানা গেছে।
গেল আগস্টে বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দ্য ডেইলি কলার পত্রিকা জানিয়েছিল, বঙ্গবন্ধুর খুনি মেজর এএম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত সে লক্ষ্যে কোন পদক্ষেপ ট্রাম্প সরকার নেয় নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল বিপথগামী একদল সেনা সদস্য। ২০১০ সালে বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসির রায় কার্যকর হয়। ফাঁসি এড়াতে অন্য ছয় খুনি দেশে না ফেরার পথ বেছে নেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে কাছে তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রর বাংলাদেশি সূত্রগুলো জানিয়েছে, রাশেদ চৌধুরী শিকাগো, সিয়াটল, আটলান্টাসহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাস করেছেন।
জানা গেছে, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠাতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডাকে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। সে সময় উভয় পক্ষ নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর উপায় নির্ধারণে কাজ করতে একমত হয়।
আরও জানা গেছে, খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও এখনো ইতিবাচক কোনো ঘোষণা আসে নি। রাশেদ চৌধুরী বর্তমানে বহাল তবিয়তে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

গেল বছর আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি সাংবাদিকদের বলেছিলেন, রাশেদ চৌধুরীর ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন আলোচনায় রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার জন্য সরকার নিউ ইয়র্কের আইন সংস্থা স্কাডেন এলএলপিকে নিয়োগ করেছিল। এ সংস্থাটির পক্ষে রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টি তদারকি করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক আইনি পরামর্শক গ্রেগরি ক্রেইগ।

রাশেদ চৌধুরীসহ অন্য খুনিদের অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে কয়েক বছর আগেই চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। ওই চিঠিতে বলা হয়, চৌধুরী এ এম রাশেদ (রাশেদ চৌধুরী) তাঁর সঙ্গীদের নিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের এবং সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে। একই বছরের ৩ নভেম্বর ওই গ্রুপটি বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সাবেক দুই মন্ত্রী এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে আটক অবস্থায় হত্যা করে। রাশেদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার ধানমণ্ডি থানায় দণ্ডবিধির ১২০(বি), ৩০২, ৩২৪, ৩০৭, ১০৯ এবং ৩৪ নম্বর ধারায় ১৯৯৬ সালের ২ আগস্ট মামলা করা হয়। এর আগে ১৯৭৫ সালের ৪ নভেম্বর লালবাগ থানায় দণ্ডবিধির ৩০২ ধারায়ও একটি মামলা হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১৯৯৬ সালের ৯ আগস্ট চৌধুরী এ এম রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের মৃত শিহাব উদ্দিন আহমদের ছেলে চৌধুরী এ এম রাশেদ ১৯৬৯ সালে সরকারি চাকরিতে যোগদান করার পর ১৯৭৬ সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান।তিনি নাইরোবি, কুয়ালালামপুর ও ব্রাসিলিয়া দূতাবাসে কর্মরত ছিলেন এবং ১৯৯৬ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই বছরেই রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন।উল্লিখিত অপরাধের কারণে রাশেদ চৌধুরী বাংলাদেশের ওয়ান্টেড আসামি।
ষ্টেট ডিপার্টমেন্টর সামনে মানবন্ধন কর্মসুচীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী খুনী রাশেদ চৌধুরীকে গ্রেফতার এবং বাংলাদেশে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান।
https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/1283373611804927/
মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ড. মাসুদুল হাসান, উপদেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ; আবদুস সামাদ আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ; আবদুল হাসিব, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ; হাজী এনাম, প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ; এমদাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ; মুক্তিযোদ্ধা শোহরাব সরকার, সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ; শাহানারা রহমান, সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। •



