
যুক্তরাষ্ট্র প্রবাসীর দ্বিতীয় বিয়ের চেষ্টা প্রথম স্ত্রীরর থানায় জিডি
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ হেলালুর রহমান ওরফে বদরুল হকের বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার অভিযোগ উঠেছে। বিয়ানীবাজার পৌর এলাকার কসবা গ্রামের ষাটোর্ধ হেলালের এ কাণ্ডে পুরোপুরি হতবাক যুক্তরাষ্ট্রে বসবাসরত স্ত্রী মনোয়ারা বেগম। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এদিকে প্রবাসী হেলালের পুত্র যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসার মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘আমার পিতার দ্বিতীয় বিয়ে করার রাইটস নেই। কারণ আমার মা তাঁকে সে অনুমতি দেননি। বিয়েতো শখেরও বিষয় নয়। তিনি বয়োবৃদ্ধ পিতার কাছে কোন মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। নতুবা আমেরিকা যাওয়াতো দূরে তাক, তাদেরকে আইনী ঝামেলা পোহাতে হবে।’
এদিকে দ্বিতীয় বিয়ে চেষ্টার ঘটনায় গতকাল শনিবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন মনোয়ারা বেগমের ভাইপো ঘুঙ্গাদিয়া গ্রামের আলী আহমদ। জিডি নং ১০১৭।
জিডিতে আলী আহমদ উল্লেখ করেছেন, ‘আমার ফুফু মনোয়ারা বেগম ও ফুফা মোহাম্মদ হেলালুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাস করেন। সম্প্রতি ফুফা দেশে ফিরে গোলাপগঞ্জ উপজেলার কালিজুরী গ্রামের জালাল উদ্দিনের কন্যা মিতা আক্তারকে (৩০) বিবাহ করার প্রস্তুতি গ্রহণ করেছেন।’
সামাজিক রীতিনীতি বিবর্জিত সম্পূর্ণ বেআইনী এ কর্মকাণ্ডের খবর ফুফু আমাকে জানালে, ‘আমি গত শুক্রবার বিকালে গ্রামের কয়েকজন মুরব্বিকে সাথে নিয়ে কসবা (সুনামের গোষ্ঠি) গ্রামে হেলালুর রহমানের বাড়িতে যাই এবং এ বিষয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু তিনি আমাদের সাথে কথা না বলে উল্টো দেখে নেওয়ার হুমকি প্রদান করেছেন।’
যুক্তরাষ্ট্র প্রবাসী হেলালুর রহমান যেকোন সময় মিতা আক্তারকে দ্বিতীয় বিয়ে করতে পারেন উল্লেখ করে জিডিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আলী আহমদ।



