
রণবীর-আলিয়ার বিয়ের কার্ড ভাইরাল, দেখে অবাক প্রতিক্রিয়া অভিনেত্রীর
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বি-টাউনে কান পাতলেই শোনা যায়, খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। যদিও তারকা জুটি কোনও দিনই এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রণবীর ও আলিয়ার বিয়ের কার্ড। মুম্বইয়ের টিনসেল টাউনে এখন সবচেয়ে আলোচনার বিষয় হল সেই বিয়ের কার্ড।
বিয়ের কার্ড অনুযায়ী, ২০২০-র ২২ জানুয়ারি যোধপুরের উমেদ ভবনে বিয়ে করতে চলেছেন আলিয়া ও রণবীর। তার পরেই রীতিমতো হুলুস্থুল শুরু হয় বিষয়টা নিয়ে। কিন্তু বিয়ের কার্ডে রয়েছে বেশ কিছু ভুল। যেমন আলিয়ার নামের বানানটাই ভুল। আবার আলিয়ার বাবা হিসেবে মহেশ ভাটের বদলে রয়েছে মুকেশ ভাটের নাম। এর থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যায়, এই বিয়ের কার্ড মোটেই আসল নয়। বরং রণবীর-আলিয়ার কোনও ভক্তই এই কাণ্ড করেছেন চুপিসারে।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে আলিয়াকে সাংবাদিকরা এই বিষয়ে জিজ্ঞাসা করেন। এই বিষয়ে কোনও রকমের মন্তব্য করেননি আলিয়া। বরং পুরোটাই হেসে উড়িয়ে দেন তিনি। ফলে আরও পরিষ্কার হয়ে যায়, এই বিয়ের কার্ডটা একেবারেই নকল।
গত বছর সোনম কাপুরের বিয়েতে প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তার পরেই জল্পনা শুরু হয়, দুজনে কি ডেট করছেন। এর পরে বিভিন্ন সংবাদমাধ্য়মে ও অ্যাওয়ার্ড শোয় আলিয়ার মন্তব্য ও প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট হয়ে যায়, সত্যিই তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং-এর সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং শেষ করেছেন দুজনেই। এছাড়া আলিয়া এই মুহূর্তে মহেশ ভাট পরিচালিত সড়ক ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে রণবীর সামশেরা ছবির শ্যুটিং করছেন। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর।



