
রাজ্য জয়ে বিজেপির বড় ভরসা ওবিসি ভোটাররা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রবল প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিততে হবে রাজ্যে৷ আর সেই জয়ের পথ সুগম করতে বিজেপির অন্যতম বড় ভরসা রাজ্যের ওবিসি ভোটাররা৷ তাই ভোটের ময়দানে সমাজের অনগ্রসররাই বিজেপির তুরুপের তাস হয়ে উঠবে বলে মনে করছেন দলের নেতারা৷
আর এই ভরসার পিছনে যুক্তিও আছে মোদীর দলের নেতাদের৷ কারণ, তাঁরা মনে করেন ওবিসিদের জন্য একমাত্র তাঁরাই ভাবেন৷ ওবিসির উপকার এখনও পর্যন্ত তাঁরাই সবচেয়ে বেশি করেন৷
এই বিষয়টি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবির৷ তাদের ব্যাখ্যা, গত ১৫ বছরে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে তিনজন ওবিসি নেতাকে বেছে নেওয়া হয়েছে৷ ২০০৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন বিজেপির উমা ভারতী৷ এর পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হয়েছিল বাবুলাল গৌর৷ তিনি ২০০৫ পর্যন্ত দায়িত্বে ছিলেন৷ এর পর শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর আসনে বসেন৷ পরের ১৩ বছর তাঁর উপরই আস্থা রেখেছে বিজেপি৷
বিজেপির বক্তব্য, ২০০৩ সালে ওবিসি ভোটারদের কাছে টানার চেষ্টা করেছিল কংগ্রেস৷ কিন্তু ভোটাররা তা প্রত্যাখান করেন৷ এবার প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া রয়েছে বলে কংগ্রেস প্রচার করছে, তাও ওবিসি ভোটাররাই ভুল প্রমাণ করবেন বলে ধারণা বিজেপির৷
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে প্রায় ৫৭ শতাংশ ওবিসি ভোটার রয়েছেন৷ যারা ওই রাজ্যের ৭৫ শতাংশ আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ এবারও তাঁরা একই ভূমিকা পালন করবেন বলে বিজেপির আশা৷ তবে মুখে সেকথা স্বীকার করতে নারাজ বিজেপি৷ দলের মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি ভিজেশ লুনাওয়াত জানান, কোনও একটি গোষ্ঠীর নয় শিবরাজ সিং চৌহান আসনে রাজ্যের সাড়ে সাত কোটি মানুষের প্রতিনিধি৷
নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি হিসেবে রাজ্যের প্রকল্পগুলির নাম তুলে ধরেছেন৷ জানিয়েছেন, প্রতিটি প্রকল্প কোনও নির্দিষ্ট জাতির জন্য নয়৷ সকলের জন্যই ওই প্রকল্পগুলি চালু করা হয়েছে৷ সবাই ওই প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন৷



