
রাহুলের আক্রমণের জবাবে মমতা বললেন ‘বাচ্চা ছেলে’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। আর তার চারদিন পরই প্রতিক্রিয়া দিলেন মমতা।
পাল্টা আক্রমণ না করে করলেন কটাক্ষ। বুঝিয়ে দিলেন রাহুল তাঁর কাছে ‘বাচ্চা ছেলে’। তাই তাঁকে বলার কিছু নেই। রাহুলকে দীর্ঘ দিন ধরেই ‘পাপ্পু’ বলে আক্রমণ করে আসছে বিজেপি। এবার মমতা বললেন, ‘বাচ্চা ছেলে, ওর ব্যাপারে আর কী বলব?’
রাহুলের থেকে বছর ১৫-র বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু কিছুদিন আগেই সম্পর্ক খারাপ হয়।
গত মাসে কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি লোকসভায় চিটফান্ড প্রসঙ্গে সরব হন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকেন। পরে দেখা হলে সোনিয়ার কাছে এ ব্যাপারে জানতে চান মমতা। সোনিয়া বলেন রাজ্যস্তরে একে অপরকে আক্রমণ করা সম্পূর্ণ পৃথক বিষয়। তার সঙ্গে অন্য কিছুকে গুলিয়ে দেওয়া ঠিক নয়। জবাবে মমতা বলেন, “ঠিক আছে আমরাও মনে রাখব”।
অন্যদিকে, সম্প্রতি রাজ্যে প্রচারে এসে রাহুল বলেন, “সিপিএমকে সরিয়ে তৃণমূলকে এনে কোনও লাভ হয়নি। আগে পশ্চিমবঙ্গ সরকার একটা সংগঠনের কথা ভেবে চলত এখন চলে একজন ব্যক্তির জন্য”।
তারই প্রতিক্রিয়া দিয়ে মমতা বলেন, “রাহুলের যা মনে হয়েছে তিনি বলেছেন। আমি কোনও মন্তব্য করতে চাই না। আর কী বা বলব রাহুল এখনও বাচ্চা ছেলে”।



