
এম এ জিন্নাহ
শিশিরের আবরণ ছেদ করে উড়ে যায় সারস
ডানায় করে নিয়ে যায় পৃথিবীর সভ্যতা সব,
বর্বরতা মুখর দুপুর দেখে
যে বালক ঘুমিয়ে গেল বটের ছায়ায়—
তার যেন আর ঘুম না ভাঙে।
ঘাসের বুকে হেঁটে যায় বুনোহাঁসের দল
প্রাচীন বেদনার শহর ডিঙালো কবুতর ,
অমাবস্যার রাতে যে উল্কাপিণ্ড আঁচড়ে পড়ল
তার শব্দে কারো ঘুম ভাঙেনি।
বটের ছায়ায় ঘুমিয়েছিল যে অনাথ সন্তান—
কেবল তার চোখে দেখেছি
রুখে দাঁড়ানোর অদম্য সাহসের উজ্জ্বলতা।
সেই তুমি এলে শেষ বেলায়
কনক কুমার প্রামানিক
সেই তুমি এলে শেষ বেলায়—
সূর্য যখন পশ্চিমের দূর আকাশে অস্ত গেছে
গোধূলি লগ্নে নীরব হতে শুরু করেছে প্রকৃতি
অস্ত প্রায় দিবাকর লালাভ আভা ছড়িয়ে যায়।
সেই তুমি এলে শেষ বেলায়—
নীড় ফেরা পাখি আকাশ পথে পৌঁছে নিজ গন্তব্যে
ক্লান্ত পথিক শ্রান্ত শরীরে জিরোয় বৃক্ষের তলে
সাঁঝের মায়া পড়ে সমস্ত ধরিত্রীর বুক জুড়ে।
সেই তুমি এলে শেষ বেলায়—
অফুরন্ত সময় সমুদ্রের প্রান্তিক লগ্নে এসে
জাগতিক কর্মব্যস্ততা ফুরিয়ে নিঃস্তব্ধ পৃথিবী।
হারায় অনন্ত ঐ মহাশূন্য মহাকালের পথে।



