
রুশ প্রেসিডেন্টের মাথার দাম সাড়ে ৮ কোটি টাকা ঘোষণা ইউক্রেনের ব্যবসায়ি
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট সংকটের অবসানের একমাত্র উপায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার লোকদের দিয়ে হত্যা করা। বৃহস্পতিবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়ার জনগণের প্রতি এ আহ্বান জানান। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের মাথার দাম ১০ লাখ মার্কিন ডলার (সাড়ে ৮ কোটি টাকার বেশি) ঘোষণা করেছেন ইউক্রেনীয় ধনাঢ্য এক ব্যবসায়ী। ওয়াল স্ট্রিট জার্নাল, দি ইনডিপেন্ডেন্ট।
ফক্স নিউজে শন হ্যানিটির শোতে কথা বলার সময় মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার মাধ্যমে গোটা রুশ জাতি তার অত্যাচার থেকে রেহাই পাবে। এরপর টুইটারের এক মন্তব্যে তিনি বলেন, বিশ্বাসঘাতক স্বৈরশাসক জুলিয়াস সিজার এবং অ্যাডলফ হিটলারের নাম উল্লেখ করে গ্রাহাম লেখেন, ‘রাশিয়ায় কি একজন ব্রুটাস আছে? রাশিয়ান সামরিক বাহিনীতে কি আরও সফল কর্নেল স্টাফেনবার্গ আছে? (যারা পুতিনকে শেষ করতে পারবে)।’ তিনি আরও লেখেন, ‘রাশিয়ার কেউ এই লোকটিকে বের করে দিন, তাহলে আপনি আপনার দেশ এবং বিশ্বের একটি দুর্দান্ত পরিষেবার তৃপ্তি অর্জন করবেন।’ এখানে উল্লেখ্য জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন ব্রুটাস। আর ১৯৪৪ সালে অ্যাডলফ হিটলারকে হত্যার রূপরেখা তৈরি করেছিলেন স্টাফেনবার্গ। লিন্সের থেকেও ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে ইউক্রেনের উদ্যোক্তা ও সাবেক ব্যাংকার অ্যালেক্স কোনানেখিন। সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনের এক পোস্টে পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। অ্যালেক্স কোনানেখিন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ওই কর্মকর্তাকে ১০ লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসাবে গ্রেফতার করবে।’ অ্যালেক্স কোনানেখিন ওই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ‘ওয়ান্টেড : জীবিত বা মৃত। গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।’ কোনানেখিন বর্তমানে নিউইয়র্ক শহরে বসবাস করছেন এবং ডিজিটাল ওয়ার্ক প্ল্যাটফর্ম ট্রান্সপারেন্ট বিজনেসের সিইও।
ইউক্রেনীয় নেতাদের ফাঁসিতে ঝোলাবেন পুতিন : ইউক্রেন যুদ্ধে সফল হলে দেশটির রাজনৈতিক নেতাদের ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এমন অভিযোগ উঠেছে ক্রেমলিনের বিরুদ্ধে। ব্ল–মবার্গের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় শুক্রবার। দি সান। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয়দের গণহারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করছে পুতিনের গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’।
রাশিয়া নয়, দায়ী ন্যাটোও -উপ-প্রধানমন্ত্রী : ইউক্রেনে রুশ হামলায় শত শত বেসামরিক লোক নিহত হওয়ার পেছনে ন্যাটোকেও দায়ী করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। ব্রিটিশ ব্রড কাস্টিং করপোরেশনের প্রতিনিধির কাছে তিনি দাবি করেছেন, শুধু রাশিয়ার নয়-ইউক্রেনীয়দের রক্তে রঞ্জিত হয়েছে ন্যাটোর ‘হাতও’। জোটটি ইউক্রেনের অনুরোধ অনুযায়ী একটি নো ফ্লাই জোন ঘোষণা করলে এত বেসামরিক লোক প্রাণ হারাত না বলে দাবি করেন তিনি। বিবিসি। স্টেফানিশিনা বলেন, ‘গতকাল যে শিশুরা জন্মগ্রহণ করেছে, আজ তারা তাদের বাবা-মাকে হারিয়েছে রাশিয়ানদের বোমা হামলায়। তাদের রক্ত শুধু রাশিয়ানদের হাতেই শুকাচ্ছে না-সেই রক্তের দাগ কিছুটা লেগে আছে ন্যাটোর হাতেও।’ কারণ, বেসামরিক লোকদের প্রাণহানি রোধে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছিল ইউক্রেন।



