
রেকর্ডের সামনে রোহিত-বুমরাহ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ‘হিটম্যান’-এর দরজায় কড়া নাড়ছে নতুন রেকর্ড! বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দুটি ছয় হাঁকাতে পারলেই রেকর্ডবুকে নাম তুলে ফেলবেন কোহলির দলের সীমিত ওভারের ডেপুটি রোহিত শর্মা৷
এই মুহূর্তে কুড়ি-বিশের ক্রিকেট লড়াইয়ে রোহিতের ছক্কার সংখ্যা ১০২৷ হিটম্যানের থেকে এই ছক্কা বেশি হাঁকিয়ে যুগ্মভাবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোয় শীর্ষস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল৷ এদিন অজিদের বিরুদ্ধে দুই ছক্কা হাঁকালেই গেইল-গাপ্টিলকে টপকে শীর্ষে উঠে আসবেন হিটম্যান৷
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছেন হিটম্যান৷ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার হাঁকানোর নজির ছুঁয়েছেন রোহিত৷ সেই সঙ্গে কিউয়ি সফরেই টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মাইলস্টোন স্পর্শ করেন ডানহাতি ওপেনার৷ মার্টিল গাপ্টিলের ২২৭২ রান টপকে টি-টোয়েন্টিতে রোহিতের ঝুলিতে এখন ২৩২৬ রান৷
রোহিতের পাশাপাশি এদিন রেকর্ডের সমনে রয়েছেন জসপ্রীত বুমরাহ৷ টি-টোয়েন্টিতে আর মাত্র দুই উইকেট পেলেই পঞ্চাশ উইকেটের নজির লিখবেন ইর্য়কার স্পোশালিস্ট৷ এর আগে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে পঞ্চাশ উইকেট শিকারের নজির রয়েছে শুধুমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের(এই ফর্ম্যাটে বর্তমান উইকেট সংখ্যা ৫২)৷ সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে এদিন দুই উইকেট তুলে নিতে পারলেই দ্বিতীয় ভারতীয় ও প্রথম ভারতীয় পেসার হিসেবে টি-টোয়েন্টিতে পঞ্চাশ উইকেট শিকারের নজির লিখে ফেলতে পারবেন বুম বুম বুমরাহ৷



