
রোহিত-রাহুলের জোড়া শতরানে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া শতরানের ভর করে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কাকে অনায়াসে পরাজিত করল ভারত৷ লিডসে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে শ্রীলঙ্কা৷ চাপের মুখে লড়াকু শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ আরও একবার অপ্রতিরোধ্য হয়ে দেখা দেন৷ পালটা ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৪৩.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে নেয়৷ ৭ উইকেটে ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জিইয়ে রাখে ভারত৷
শুরু থেকেই ভারত ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে৷ মাত্র ৫৫ রানের মধ্যে শ্রীলঙ্কার টপ অর্ডারের চার জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেয় তারা৷ দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরাকে সাজঘরে ফেরান জয়প্রীত বুমরাহ৷ আবিস্কা ফার্নান্দোর উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া৷ কুশল মেন্ডিসকে আউট করেন রবীন্দ্র জাদেজা৷
করুণারত্নে ১৭ বলে ১০ রান করেন৷ পেরেরা করেন ১৪ বলে ১৮ রান৷ আবিস্কা ২১ বলে ২০ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান৷ মেন্ডিস ১৩ বলে ৩ রান করে স্ট্যাম্প আউট হন৷ লাহিরু থিরিমানেকে সঙ্গে নিয়ে ম্যাথিউজ পঞ্চম উইকেটের জুটিতে ১২৪ রান যোগ করেন৷ শেষে ৬৮ বলে ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলে কুলদীপের বলে আউট হন থিরিমানে৷
লাহিরু আউট হওয়ার পর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে লড়াই জারি রাখেন অ্যাঞ্জেলো৷ ইতিমধ্যে তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করেন৷ ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে শেষমেশ ১২৮ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে বুমরাহকে উইকেট দেন ম্যাথিউজ৷ শেষ ওভারে থিসারা পেরেরাকে আউট করেন ভুবনেশ্বর কুমার৷ থিসারা ৩ বলে ২ রান করেন৷ ইসুরু উদানা ১ ও ডি সিলভা ২৯ রান করে অপরাজিত থেকে যান৷
ভারতের হয়ে ৩৭ রানে ৩টি উইকেট নেন বুমরাহ৷ একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, জাদেজা, হার্দিক ও কুলদীপ৷ উইকেট পেলেও ভুবনেশ্বর ১০ ওভারে দলের হয়ে সব থেকে বেশি ৭৩ রান খরচ করেন৷
জবাবে ব্যাট করতে নেমে ভারত ওপেনিং জুটিতে ১৮৯ রান তোলে, যা চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বড় ওপেনিং পার্টনারশিপ৷ রোহিত শর্মা টুর্নামেন্টের একটানা তৃতীয় সেঞ্চুরি করে ক্রিজ ছাড়েন৷ চলতি বিশ্বকাপে এই নিয়ে পাঁচটি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন হিটম্যান৷ সার্বিকভাবে বিশ্বকাপের ইতিহাসে এটি রোহিতের ষষ্ঠ এবং ওয়ান ডে কেরিয়ারের ২৭ নম্বর সেঞ্চুরি৷ ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১০৩ রান করে রজিথার বলে আউট হন তিনি৷
অপর ওপেনার লোকেশ রাহুলও তিন অঙ্কের ইনিংস খেলেন৷ চলতি বিশ্বকাপে এটি তাঁর প্রথম শতরান৷ ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১১১ রান করে মালিঙ্গার শিকার হন লোকেশ৷ ঋষভ পন্ত ৪ রান করে উদানার বলে এলবিডব্লু হন৷ হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কোহলি৷ হার্দিক ৪ বলে ৭ ও কোহলি ৪১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন৷ ম্যাচের সেরা হন রোহিত৷



