
লালকেল্লার রক্ষণাবেক্ষণ কর্পোরেট সংস্থাকে দেওয়া হল,সরকার দায়িত্ব নিতে পারছে না! বললেন মমতা
রূপসী বাংলা ডেস্ক:লালকেল্লার রক্ষণাবেক্ষণ, দেখভালের দায়িত্ব কী করে একটি কর্পোরেট সংস্থাকে দেওয়া হল, প্রশ্ন কংগ্রেসের। অ্যাডপ্ট এ হেরিটেজ নামে প্রকল্পের আওতায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের সঙ্গে এ ব্যাপারে ডালমিয়া ভারত শিল্পগোষ্ঠীর চু্ক্তি হওয়ার খবর ছড়াতেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। চুক্তি অনুসারে, ডালমিয়া গোষ্ঠী ৫ বছর ধরে ২৫ কোটি টাকা ঢেলে ঐতিহাসিক লালকেল্লার রক্ষণাবেক্ষণ করবে, তার চারপাশে মৌলিক পরিকাঠামো গড়ে তুলবে। কিন্তু কংগ্রেস নেতা পবন খেরার প্রশ্ন, কেন একটি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হবে। ভারতের ভাবনা, ভারতের ইতিহাসের প্রতি আপনাদের তাহলে কীসের দায়বদ্ধতা রইল। আমরা জানি, আপনাদের কোনও দায়বদ্ধতাই নেই। তবুও আমরা প্রশ্ন করে যাব। আপনাদের কি অর্থের ঘাটতি আছে? কেন, আর্কিওলজিক্যাল সার্ভের তহবিল নেই? ক্যাগ রিপোর্ট দেখুন।
ইন্ডিগো এয়ারলাইন্স, জিএমআর গোষ্ঠীও সপ্তদশ শতকের সৌধ রক্ষার ভার নেওয়ার দৌড়ে নেমেছিল।
ডালমিয়া গোষ্ঠী ৬ মাসের মধ্যে পানীয় জলের কিয়স্ক, আসবাবের মতো আকারের বেঞ্চ, দর্শকদের চিনতে সুবিধা করে দেওয়ার জন্য প্রতীক বসানোর মতো কিছু মৌলিক কাজ করে দেবে বলে চুক্তি হয়েছে। ওখানকার মানচিত্র তৈরি, শৌচাগারের হাল ফেরানো, রাস্তায় বাতিস্তম্ভ বসানো, পুনরুদ্ধারের কাজ, ল্যান্ডস্কেপ তৈরি, ১০০০ বর্গফুটের ভিজিটর ফেসিলিটি সেন্টারও বানিয়ে দেবে।
তবে কংগ্রেসের নিন্দা, প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী কে জে আলফোন্সের দাবি, গত বছর শুরু হওয়া এই প্রজেক্টে হেরিটেজ সৌধগুলির যত্নের ব্যাপারে সর্বসাধারণের অংশগ্রহণেই জোর দিতে চাইছেন তাঁরা। এইসব প্রকল্পে যুক্ত সংস্থাগুলি শুধু পয়সা খরচ করবে, কামাবে না। ওরা শৌচাগার বসাবে, পানীয় জলের বন্দোবস্ত করবে যাতে পর্যটকরা বেশি করে আসেন। ওরা হয়তো বাইরে সাইনবোর্ড লাগিয়ে বলবে, এসব পরিষেবার বন্দোবস্ত ওরা করেছে। তো পয়সা ঢাললে তার কৃতিত্ব যদি দাবি করে, তাতে অন্যায় কোথায়?
তিনি বলেন, আমি কংগ্রেসকে প্রশ্ন করছি, গত ৭০ বছরে ওরা কী করেছে? সব হেরিটেজ সৌধ, তাদের আশপাশের জায়গাগুলির ভগ্নদশায় রয়েছে। অনেক জায়গায় সৌধের কাছেপিঠে কোনও পরিষেবাই নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ জানিয়ে বলেছেন, কেন সরকার ঐতিহাসিক লালকেল্লার দেখভাল করতে পারবে না? লালকেল্লা আমাদের দেশের প্রতীক। স্বাধীনতা দিবসে ওখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কেন তা লিজে দেওয়া হবে। আমাদের ইতিহাসে একটি দুঃখের দিন, কালো দিন।



