
লোকসভায় নির্বাচনে প্রতিটি বাড়িতে গিয়ে প্রচারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। মাস আটেক আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের প্রায় সকল রাজনৈতিক দল। প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজিও প্রায় প্রস্তুত।
শহরের প্রতিটি বাড়িতে গিয়ে লোকসভা নির্বাচনের প্রচার করার পরিকল্পনা করেছেন জাতীয় রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরভিন্দ কেজরিওয়াল। রবিবারেই তিনি দলের এই কর্মসূচীর কথা ঘোষণা করেছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে বাড়ি বাড়ী গিয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির পক্ষ থেকে তিন হাজারটি দল গঠন করা হয়েছে। যারা জাতীয় রাজধানী দিল্লি শহরের প্রতিটি বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের সঙ্গে কথা বলবেন। তুলে ধরবেন আম আদমি পার্টি পরিচালিত সরকারের সাফল্যের খতিয়ান।
আম আদমি পার্টির প্রচারের জন্য গঠিত দলে কত জন করে সদস্য থাকবে তা অবশ্য স্পষ্ট করে জানাননি কেজরিওয়াল। তিনি কেবল বলেছেন, “দিল্লিতে আমাদের সরকার স্বাস্থ্য, শিক্ষা, জল এবং বিদ্যুতের জন্য অনেক কাজ করেছে। নাগরিক পরিষেবায় আমরা যা বদল এনেছি তা একপ্রকার বিপ্লব। স্বাধীনতার পরের ৭০ বছরে এমন কাজ দিল্লিতে হয়নি।”

একই সঙ্গে চিরাচরিত কায়দায় কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, “দিল্লির সাত বিজেপি সাংসদের থেকে মানুষ কী পরিষেবা পাচ্ছেন? তাঁরা উন্নয়নের কোনও কাজই করেন না। আমাদের কাজে ব্যাঘাত ঘটানোটাই তাঁদের কাজ।”
সবার জন্য উন্নয়ন করতে চেয়ে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান চালু করেছিলেন নরেন্দ্র মোদী। একটি সমাজে মানুষের অবদান ছাড়া প্রশাসন কিছুই করতে পারে না। সেই কথা মাথায় রেখে আম আদমি পার্টির স্লোগান ঠিক করেছেন কেজরি। যা হল, “আপ কা দান, রাষ্ট্র কা নির্মাণ।” যার অর্থ হচ্ছে আপনার দানেই রাষ্ট্রের নির্মাণ হবে।



