আন্তর্জাতিকপরিবেশ

শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’, ১৪৪ ধারা জারি

অতিপ্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার (১০ জুন) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত ২৪ ঘণ্টায় উপকূলের আরও কাছাকাছি এসেছে। একারণে পাকিস্তানের করাচি, থাট্টা ও ওরমারা শহরে এবং ভারতের গোয়ায় এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। পাকিস্তানের করাচিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় শনিবার বিকেলে করাচি থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণে ছিল। আনন্দবাজার পত্রিকা বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করতে পারে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি। তারপর ঝড়টি উত্তর-উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে।

এদিকে বিকেলে জানানো হয়, গোয়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঝড়। মুম্বাই থেকে ঝড়টির দূরত্ব ৬৪০ কিলোমিটার। পোরবন্দর থেকেও একই দূরত্বে অবস্থান করছে বিপর্যয়। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাবে কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। শনি, রোব এবং সোমবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, বিপর্যয়ের কারণে পাকিস্তানের করাচির উপকূলবর্তী এলাকায় শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। করাচি কমিশনারের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সমুদ্রবন্দরের সৈকতে প্রবেশ নিষিদ্ধ। রবিবার (১১ জুন) থেকে ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা, নৌযান চলাচল ও গোসল করা যাবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension