
রূপসী বাংলা ঢাকা থেকে: জনপ্রিয় কথাসাহিত্যিক শাকুর মজিদের ৪৮তম জন্মদিন আজ। লেখালেখির পাশাপাশি তিনি বিচরণ করেছেন ভিজ্যুয়াল মিডিয়ার নির্মাতা হিসেবে।
সাহিত্য এবং ভ্রমণ বিষয়ে তার লেখালেখি বিস্তর। নির্মাণ করেছেন নাটক ও প্রামাণ্যচিত্র।
শাকুর মজিদের লেখালেখি শুরু কবিতা দিয়ে। কিন্তু গল্প, নাটক ও ভ্রমণ কাহিনী দিয়ে আকৃষ্ট করেছেন সবাইকে।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে ১৯৬৫ সালের ২২ নভেম্বর শাকুর মজিদের জন্ম। বাবা প্রয়াত আবদুল মজিদ, মা বেগম ফরিদা খাতুন। ব্যক্তিজীবনে তিনি একজন স্থপতি। বর্তমানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
নাটক লেখায় হাতেখড়ি ১৯৮৫ সালে। সিলেট বেতারে তার লেখা প্রথম নাটক `যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া` প্রচার হয়। তখন বয়স ছিল কুড়ি। তিনি প্রথম আলোচনায় আসেন `লন্ডনি কইন্যা` নাটকটি বিটিভিতে প্রচারের পর। এ ছাড়া তিনি লিখেছেন ‘নাইওরী’, ‘বৈরাতী’, ‘করিমুন নেছা’, ‘চেরাগ’সহ বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম। পরিচালনা করেছেন বেশ কয়েকটি।
ঢাকার মঞ্চে নিয়মিত প্রদর্শিত বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে লেখা ‘মহাজনের নাও’ নাটকটি বেশ আলোচিত। আবদুল করিমের জীবন নিয়ে নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’। ভ্রমণ নিয়ে তার প্রামাণ্যচিত্র রয়েছে শতাধিক। এরই মধ্যে ছবি তুলে, নাটক-টেলিফিল্ম ও তথ্যচিত্র নির্মাণ করে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।
ঘরোয়া পরিবেশে শাকুর মজিদের জন্মদিনের আয়োজন করেন তার স্ত্রী অধ্যাপক হোসনে আরা জলি। এ আয়োজনে উপস্থিত ছিলেন লেখক শিল্পী সাংবাদিকসহ মিডিয়া অঙ্গনের অনেকেই। তাদের মধ্যে কিংবদন্তী জাদু শিল্পী জুয়েল আইচ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্ত হিরা, নূনা আফরোজ সমবেত হন। এছাড়াও শাকুর মজিদের কয়েকজন স্থপতি বন্ধু, কণ্ঠশিল্পী স্মরণ, মোমিন বিশ্বাস, অনন্যা আচার্য্য, রুদ্র, প্রখ্যাত সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক সাংবাদিক পলাশ মাহবুব, বিনোদন সাংবাদিক দুলাল খান, আহমেদ তেপান্তর, রঞ্জু সরকার ও চলচ্চিত্র নায়িকা মানসী প্রকৃতি অন্যতম।



