
শেখ হাসিনার সঙ্গে ট্রুডোর বৈঠক
রূপসী বাংলা ডেস্ক:কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানাডার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় ১০ জুন রাত সাড়ে ৯টা) কেবেকের ফেয়ারমন্ট ল্যা শাটো ফ্রন্টেন্যাক হোটেলে তাদের এই বৈঠক হয়।
এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর কেবেক থেকে টরন্টোর উদ্দেশে রওনা হওয়ার কথা। টরন্টোতে বিকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
১১ জুন (সোমবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় শেখ হাসিনা বৈঠক করবেন সাসকাতচেওয়ান প্রদেশের ডেপুটি প্রিমিয়ার, বাণিজ্য ও রফতানি উন্নয়নমন্ত্রী গর্ডন ওয়ান্ট এবং অভিবাসন ও ক্যারিয়ার প্রশিক্ষণমন্ত্রী জেরেমি হ্যারিসনসহ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে।
এরপর প্রধানমন্ত্রী কানাডা কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জাবলকির সঙ্গেও বৈঠক করবেন। ব্যস্ত এসব কর্মসূচি শেষে সেদিন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে টরন্টোর পিয়ারসন বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে মঙ্গলবার (১২ জুন) রাত ১১টা ২০মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (০৮ জুন) দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা। সন্ধ্যায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।
বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট; ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট; জ্যামাইকার প্রধানমন্ত্রী; কেনিয়ার প্রেসিডেন্ট; মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট; নরওয়ের প্রধানমন্ত্রী; আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট; সেনেগালের প্রেসিডেন্ট; সেসেলসের প্রেসিডেন্ট; দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট; ভিয়েতনামের প্রধানমন্ত্রী; অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল; জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমন্ত্রণ জানায় কানাডা সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে জি সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেন। কানাডা ছাড়া জি সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।



