
সারমিন চৌধুরী
শেষবার আলতো করে ছুঁয়ে দাও
আমার ফুলে ভরা নিথর গাত্রখানি
খানিকক্ষণ পরে স্পর্শাতীত হয়ে যাবে।
আজ যেন চন্দনের কাঠি, ধূপের গন্ধ আর
লোচনের ঝরে পড়া রাশিরাশি অশ্রুবিন্দু
মিলেমিশে একাকার বৈরী বাতাসের তোড়ে।
ভুতুড়ে অন্ধকার ক্রমশ তেড়ে আসছে
এই জনশূন্য লোকালয়ের দিকে,
একলা ঘরে জড়সড় হয়ে বসে আমি
কিঞ্চিৎ আগে কালো ধোঁয়া কুণ্ডলী পাকাচ্ছে
ওই সূদুরে বিশাল আকাশের বুকে
হঠাৎ বিলীন হয়ে গেল তারার মাঝে;
এই ভাবনার ঘোর কাটতেই দেখি,
জীবনটা সত্তর বছরে হলো পরিসমাপ্তি
অথচ, পঞ্চাশ বছরের স্নিগ্ধতার গন্ধটা
সাদামাটা ছবিতে অবস্থান্তর হয়ে রবে।
তবুও, তনুমন প্রথম প্রেমের সেই স্পর্শই চাইবে
মহাসুখে কিংবা নিদারুণ মৃত্যু যন্ত্রণায়!
তাই অন্তিম যাত্রায় একটু ছুঁয়ে দাও
এটাই শেষবার…



