
শাহানাজ শিউলী
যদি আর কোনোদিন না হয় কথা
খুঁজে নিয়ো সন্ধ্যাতারা,
দেখবে সেথায় জ্বলছি কেমন
সঙ্গীবিহীন তোমায় ছাড়া।
সন্ধ্যা হলে জোনাকগুলো
নিবু নিবু জ্বালবে আলো,
খুঁজে নিয়ো সেই আলোতে
যতই নামুক আঁধার কালো।
খুঁজে নিয়ো বাদল জলে
ভরাট নদী,সপ্ত পাথার,
দেখবে সেথায় হৃদয় দহন
তৃপ্তিহারা সেই হাহাকার।
জোছনা ধারা তন্দ্রাহারা
আমার মতো বিশ্বনিখিল,
চিতার আগুন পুড়ায় কেমন
বাঁধনহারা এই ছেঁকা দিল।
তোমার ছাদের ফুল বাগিচায়
আসন পেতো শিউলী তলে,
শিশির জলে ভিজলে আমি
কুড়িয়ে নিও পূজার ছলে।



