
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তার মন্ত্রী পেরেরা
একদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকট। অন্যদিকে তীব্র রাজনৈতিক চাপে এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তিনি রাজনীতির গেম খেলছেন বলে অভিযোগ করেছেন তার সরকারের বিনিয়োগ প্রমোশন বিষয়ক মন্ত্রী ধাম্মিকা পেরেরা।
তিনি বলেন, রণিলের এই গেম খেলা বন্ধ হতে হবে। এমন অভিযোগ তুলে তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী রণিল দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন। তাকে সে দায়িত্ব থেকেও পদত্যাগের দাবি জানিয়েছেন মন্ত্রী পেরেরা।
এর আগে মঙ্গলবার বিদ্যমান সংকট সমাধানে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে এবং তার সরকারের পদত্যাগ দাবি করেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রণজিত। তিনি প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করে বহুদলীয় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানান। বলেন, পুরো সিস্টেমে পরিবর্তন আনতে হবে।



