
সংক্রমণ বাড়লেও টাইমস স্কয়ারে নববর্ষের অনুষ্ঠান হবে- নিউইয়র্ক সিটি মেয়র
যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক শহর জুড়ে কোভিড-১৯ এর সংক্রমণ রেকর্ড পরিমাণে বাড়লেও পরিকল্পনা অনুযায়ী টাইমস স্কয়ারে ২০২২ সালের নববর্ষের আগমন উদযাপিত হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়রমেয়র বিল ডে ব্ল্যাসিও।
নিউ ইয়র্ক সিটি মেয়র হিসাবে শুক্রবার শেষ কর্মদিবস বিল ডে ব্লাসিওর। তার একদিন আগে আজ বৃহস্পতিবার এনবিসি’র “টুডে” শোতে ব্লাসিও বলেন, ‘আমরা দেখাতে চাই যে আমরা এই অবস্থার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এবং নিউ ইয়র্ক সিটি তার নিজের মতো করে ভাইরাসের মোকাবেলা করছে।’
গেল বছর করোনা ভাইরাস মহামারীর কারণে টাইমস স্কয়ারের নববর্ষের অনুষ্ঠান ও জনসমাবেশ বাতিল করা হয়েছিল। শহর কর্মকর্তারা এর আগে ঘোষণা দিয়েছিলেন, এবার স্বল্প পরিসরে অল্প লোক, সম্পূর্ণভাবে যাদের টিকা দেয়া আছে, তাদের উপস্থিতিতে নববর্ষের অনুষ্ঠান করা হবে।
আটলান্টার মতো শহরও নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে। মেয়র ডে ব্লাসিও বলেন নিউ ইয়র্ক শহরে কোভিড-১৯ টিকা দেয়ার উচ্চ হারের কারণে টাইমস স্কয়ারে নববর্ষের বল ড্রপ দেখতে ইচ্ছুক লোকজনদেরকে স্বাগত জানানো সম্ভব হচ্ছে। তবে সকলকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বের কাছে একটি বার্তা দিতে চাই। নিউ ইয়র্ক সিটি উন্মুক্ত।’
সিটির পরবর্তী মেয়র এরিক অ্যাডামস শনিবার ভোরে টাইমস স্কয়ারে শপথ নেবেন। ডে ব্লাসিওর মতো ডেমোক্রেট রাজনীতিবিদ এরিক তার মহামারী মোকাবেলার পরিকল্পনা ঘোষণার লক্ষ্যে বৃহস্পতিবার পরের দিকে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করেছেন।



