
সবার প্রতি টিউলিপের কৃতজ্ঞতা
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য নির্বাচনে লেবার পার্টির হয়ে দ্বিতীয়বারের মতো জয় পাওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিউলিপ সিদ্দিক।
বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হয়েছেন। ২০১৫ সালেও একই আসন থেকে লড়ে জয় পেয়েছিলেন তিনি। তার এবারকার জয় অনেক বড় ব্যবধানে; প্রায় ১৫ হাজার ভোট ব্যবধানে বিজয়ী তিনি। গতবারের নির্বাচনে জয়ের ব্যবধান ছিল এক হাজারের একটু বেশি। সেই তুলনায় এবার ১৪ দশমিক ৬ শতাংশ বেশি ভোট পেয়েছেন।
এমন বড় জয়ের পেছনে যারা কাজ করেছেন, প্রচারণায় ছিলেন, দিনরাত খেটে কাজ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি।
এক সেমিনারে ভিক্টোরি স্পিচের সময় তিনি মঞ্চে ডেকে নেন পরিবারের সদস্য- স্বামী, মা, ছোট বোন, ভাইকে। সিলেটি কমিউনিটির নাম উচ্চারণ করেন টিউলিপ। সেখানকার ভাষায় বলেন, ‘‘আমি সিলেটের ফুরি নায়, তবুও আমারে সিলেটের মানুষ তাদের নিজেদের মেয়ে মনে করে জিতিয়েছেন।’’
ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহেমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর আবদুল হাইকে কাছে ডেকে মঞ্চে তুলে কৃতজ্ঞতা স্বীকার করে আলাদা করে ছবিও তুলেছেন টিউলিপ। সংবাদমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছেন, তবুও যেন টিউলিপের কৃতজ্ঞতা শেষ হয় না। ধন্যবাদ দিয়ে যাচ্ছিলেন বারেবারে।
ইতোপূর্বে টিউলিপ ছিলেন শ্যাডো ক্যাবিনেটে। এবার বড় জয়ে তার জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ শ্যাডো ক্যাবিনেট অপেক্ষা করছে।



