
মোশাররফ হোসেন
মনটা যে চায় হারিয়ে যেতে সবুজ শ্যামল গাঁয়,
ছুটতে ছুটতে ঘুমিয়ে নিতে শীতল তরু-ছায়।
যেথায় আছে নদ নদী আর পদ্ম দিঘীর ঘাট,
যেথায় আছে সোনা ফলা কৃষাণ ভাইয়ের মাঠ।
মনটা যে চায় হারিয়ে যেতে প্রজাপতির সাথ,
আবির নিয়ে রাঙিয়ে নিতে আমার দুটি হাত।
ঘুঘুর ডানায় দেখব আমি দূর আকাশের নীল,
আকাশ থেকে দেখব চেয়ে শাপলা ফোটা বিল।
ফড়িংয়ের সাথ নাচব আমি তিড়িং বিড়িং তিং,
উড়ে উড়ে ধরব আমি গরুর বাঁকা শিং।
গাছে গাছে পাখ পাখালির কি যে মধুর ডাক,
নদীর পাড়ে সকাল সন্ধ্যা শেয়ালে দেয় হাক।
ইট পাথরের খাঁচা থেকে মুক্তি আমি চাই,
তাইত আমি হারিয়ে যাব সবুজ শ্যামল গাঁয়।



