
সমুদ্রে ডুবছে বিমান, পাইলট নিজেই করছেন ভিডিও
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে মাঝসমুদ্রে ভেঙে পড়েছে বিমান। এরকম পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে, আর পাঁচটা মানুষের সঙ্গে ডেভিড লেসকে গুলিয়ে ফেললে বোধ হয় ভুল হবে। একদমই অন্য ধাঁচে গড়া মার্কিন পাইলট ও অ্যাডভেঞ্চারার ডেভিড।
উড়ানের সময়ে মাঝপথে প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে তার ছোট্ট বিমান। তবে একটুও ঘাবড়ে যাননি তিনি। ববং নিজের স্মার্টফোনে হাসিমুখে তুলতে শুরু করলেন সেলফি ভিডিও। বিমান ধীরে ধীরে ডুবে যাওয়া থেকে ৪০ মিনিট মাঝসমুদ্রে ভেসে থাকা ও সবশেষে উদ্ধারকার্য- পুরোটাই ভিডিও করলেন স্মার্টফোনে। ডেভিডের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঠান্ডা মাথায় পাইলটের প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা দেখে অবাক সবাই।
সেই অবস্থাতেও কেন ভিডিও করলেন ডেভিড? হাসিমুখে উত্তর দিলেন ডেভিড। বললেন ‘জীবনে অনেক অ্যাডভেঞ্চার করেছি। সেগুলি ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আমার স্বভাব। এটা একদমই আলাদা। তাই ভাবলাম ছবি তুলে রাখতেই হবে।’



