
আসাদুজ্জামান খান মুকুল
সংসার সমুদ্রে আমি উত্তাল তরঙ্গ মালায় দাঁড় বেয়ে চলা তরণীর মাঝি।
সহস্র দুঃখ কষ্টের লহরীতে লড়াই করে চলেছি প্রতিনিয়ত।
কষ্টের বেলাভূমিতে দাঁড়িয়ে কখনো নিজেকে ভেবেছি নিঃসঙ্গ একাকী।
ভয়ে দুরু দুর বুক!
দুঃখ নামের ভৈরবী এই বুঝি আছড়ে পড়ছে উপরে।
কখনো মন্থর গতিতে চলে,
কখনো আবার থমকে যাই।
এমনি করেই পাড়ি দিয়ে চলেছি জীবন নামের মহাসমুদ্রে।
দুঃখ কষ্টের ভৈরবী গর্জনেও টিকিয়ে থাকার চেষ্টা করেছি বারংবার।
জীবনকে রঙিন করে সাজানোর স্বপ্নে।
কিন্তুু ভাগ্যের কী নির্মম পরিহাস!
যতবার বিভোর ছিলাম পরিজন নিয়ে সুখের সাগরে ভাসার এক অনাবিল আনন্দে,
ঠিক তখনই কষ্টেরা মহাত্রাসে আঘাত হানে আমার তরণীর পালে।
তবুও ছাড়িনি হাল!
কারণ জীবন সমুদ্রের মাঝে আমি যে এক সাহসী কাণ্ডারি !



