
এম এইচ মুকুল
সাড়ে সাত কড়ি ছিল পকেটের মাঝে
তাই নিয়ে সুখ ছিল ললাটের ভাঁজে।
দিন যত গত হয় সংশয় বাড়ে
সাড়ে সাত কড়ি তাই দেখে বারে বারে।
পকেটের সীমানাটা আছে নাকি ভালো
দেখা হয় ঠিকঠাক আছে না হারালো?
কোনোভাবে চলে যেতে লাগেনা তো বেশি
ঢের ভালো আছে তার মাংস ও পেশী।
যতটুকু রুজি হয় খায় ডাল-ভাত
হাসিখুশি সদালাপে চলে দিন-রাত।
কবে থেকে উইপোকা ঘরে করে বাস
ধীরে ধীরে পকেটের হায় সব নাশ!
একদিন মতি মিয়া কড়ি খোঁজ করে
দুই কড়ি হাতে পেয়ে বেদনায় মরে।
কপালের দোষ ছিল মতি মিয়া ভাবে
কর্ম কি ঠিক ছিল? কাঁদে অনুতাপে।



