
আমাদের ভালোবাসা শুয়েছিল
চড়া রোদে মধ্যাহ্ন দুপুরে।
যেমন সমুদ্র বন্দরে দিশাহীন
জাহাজের ভিড়।
প্রেমহীন হৃদয়ের মাঝে কষ্টে বিজড়িত
প্রাণ খোঁজে নীড়।
দৈনন্দিন জীবনের বারোমাস্যার বেষ্টনীতে
আটকে আছে বোবা চোখের দৃষ্টি।
ভোরের আলো নেই,
দিকচক্রবালের বর্ণচ্ছটা নেই,
বিশ্রামের ব্যাকরণ নেই
নেই নৈঃশব্দের অমর সঙ্গীত।
আছে শুধু…
উদয়াস্তের প্রবাহ মানবতার দিনলিপি
আর নিষ্পলক দৃষ্টিতে ভেসে আসা
হাজার মাইল দূরের কোনো
জীবনের ছবি।



