
সূর্যের সবচেয়ে কাছে গিয়ে তোলা ছবি সামনে আনলো নাসা!!
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: সূর্যের একদম কাছে গিয়ে ছবি তুলে আনার জন্য মহাকাশ যান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যের আশেপাশে ঘুরে তার সম্পর্কে আরও অনেক তথ্য তুলে আনবে সেই পার্কার সোলার প্রোব। ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সেই যান।
আগেও ছবি পাঠিয়েছে নাসার ওই মহাকাশযান। তবে এবার আরও কাছে পৌঁছে গেছে যানটি। এত কাছে আগে কোনও মহাকাশযান যেতে পারে নি। সেখান থেকে ছবিও পাঠাচ্ছে ওই যানটি।

গত ৩১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মহাকাশযানটি ছিল সূর্যের পৃষ্ঠদেশ থেকে মাত্র ২৭.২ মিলিয়ন কিলোমিটার দূরে। সূর্যের অ্যাটমোস্ফিয়ার ‘করোনা’তেও ঢুকে পড়ে এটি। সেখান থেকে এসে পৌঁছেছে প্রথম ছবি।
চলতি সপ্তাহে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের একটি সম্মেলনে সেই ছবি প্রকাশ করেছে নাসা। ওই মহাকশযানে থাকা ‘ওয়াইড-ফিল্ড ইমেজার ফর সোলার প্রোব’ নামের ক্যামেরায় তোলা হয়েছে ছবিটি।
সূর্যের আবহাওয়ার অনেক রহস্য রয়েছে। সেগুলি সমাধান করতেই নাসার এই বিশেষ অভিযান। এই ধরনের অভিযানের জন্য গত ৬০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ২০১৯ সালের এপ্রিলে ফের করোনাতে যাবে এই যান। ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযান।
-রানশু



